সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
সোমবার, ৪ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ছাত্রদলের কমিটি নিয়ে উত্তেজনা, ১৪৪ ধারা জারি

ডেইলি সিলেট ডেস্ক ::

জেলা ছাত্রদলের নতুন কমিটিকে কেন্দ্র করে টানা দ্বিতীয় দিনের মতো উত্তাল রয়েছে রাঙামাটি। পদবঞ্চিত ও পদধারী নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া এবং উত্তেজনাকর পরিস্থিতির প্রেক্ষিতে অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা বিএনপি কার্যালয় ও সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

সোমবার (৪ মে) দুপুর থেকে রাত ১২টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর থেকেই পদবঞ্চিত নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় বাঘাইছড়ি উপজেলা থেকে আসা নতুন কমিটির সমর্থক একটি গাড়িবহর কার্যালয় অতিক্রম করার সময় পদবঞ্চিতরা তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া দেয়। এই খবর ছড়িয়ে পড়লে পৌরসভা এলাকায় অবস্থানরত নতুন কমিটির কয়েকশ নেতাকর্মী সংঘবদ্ধ হয়ে এসে পদবঞ্চিতদের ওপর পাল্টা চড়াও হয় এবং তাদের হটিয়ে দলীয় কার্যালয় দখল করে নেয়।

দুই পক্ষের এই সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শহরের প্রধান সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেন। উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে কোতোয়ালি থানা পুলিশের অনুরোধে জেলা প্রশাসন জরুরি ভিত্তিতে ১৪৪ ধারা জারির ঘোষণা দেয়।

রাঙামাটি জেলা ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি অলি আহাদ জানান, তারা সবাইকে নিয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের চেষ্টা করছেন এবং নিজেদের মধ্যে কোনো বড় বিরোধ নেই বলে দাবি করেন। তবে পদবঞ্চিতদের অভিযোগ, ত্যাগীদের বাদ দিয়ে এই কমিটি করা হয়েছে।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীমউদ্দিন ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং শান্তি-শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার রাঙামাটি জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হলে শনিবার বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে পদবঞ্চিতরা। তখন জেলা বিএনপির সেক্রেটারিসহ নেতারা এসে কেন্দ্রীয় সভাপতির সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করার আশ্বাস দেন। এরপর সোমবার বিকেল তিনটায় নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করার ঘোষণা দেয় নতুন কমিটির পক্ষের নেতাকর্মীরা। এই খবর শুনে তাদের প্রতিহত করতে দুপুর থেকে দলীয় কার্যালয়ে অবস্থান নেয় পদবঞ্চিতরা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: