![]()


বড়লেখা প্রতিনিধি :
বড়লেখা উপজেলার দাসেরবাজার এলাকায় ডাকাতির সময় গুলিবর্ষণে এক ডাকাত সদস্য নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোররাত আনুমানিক ৩টার দিকে দাসেরবাজারের লঘাটি গ্রামে অবস্থিত আলী কমপ্লেক্সের মালিক, যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল কুদ্দুসের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে ৬ থেকে ৭ জনের একটি ডাকাত দল বাড়ির গেইট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা চালায়। এ সময় বাড়ির লোকজন শব্দ পেয়ে বাইরে এসে ডাকাতদের বাধা দিলে ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।
এক পর্যায়ে গুলিবর্ষণের সময় ভুলবশত ডাকাত দলেরই এক সদস্যের মাথায় গুলি লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় আব্দুল কুদ্দুসের আত্মীয় গিয়াস উদ্দিন অল্পের জন্য প্রাণে রক্ষা পান।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। পরে সকাল সাড়ে ৯টার দিকে নিহত ডাকাতের লাশ থানায় নিয়ে যাওয়া হয়।