![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ণ রাখতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সনদ জালিয়াতি ও ভুয়া সনদের ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
রোববার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) গভর্নিং বডির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রধান উপদেষ্টার দপ্তর জানায়, ২০১৮ সালে প্রতিষ্ঠিত এনএসডিএর গভর্নিং বডির এটি ছিল দ্বিতীয় সভা। এর আগে ২০২২ সালে সংস্থাটির প্রথম গভর্নিং বডির সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান উপদেষ্টা বলেন, ‘জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার ভিত্তিতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এনএসডিএ একটি কার্যকর ফ্রেমওয়ার্ক হিসেবে কাজ করছে। আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের শ্রমশক্তির চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে এই কর্তৃপক্ষের গুরুত্বও আরও বৃদ্ধি পাবে বলে তিনি উল্লেখ করেন।’
মুহাম্মদ ইউনূস বলেন, “বিশ্ববাজারে বাংলাদেশের শ্রমশক্তির চাহিদা অনেক। কিন্তু দক্ষতা প্রশিক্ষণের সনদ জালিয়াতি ও প্রতারণার কারণে কর্মীদের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে।”
তিনি আরও বলেন, “চাকরিদাতারা যদি আস্থা হারিয়ে ফেলে, তাহলে দক্ষতা উন্নয়নের উদ্যোগগুলো ব্যর্থ হবে।”
দেশের ব্র্যান্ড ইমেজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে প্রধান উপদেষ্টা বলেন, “চাকরিদাতারা যেন বলেন যে, বাংলাদেশ থেকে যেসব কর্মী এসেছে, নিশ্চয়ই তারা ভালো করবে।”
তিনি আশা প্রকাশ করেন, সব ধরনের প্রশিক্ষণ প্রতিষ্ঠানে অভিন্ন মানের সনদ ব্যবস্থা চালুর যে উদ্যোগ এনএসডিএ নিয়েছে, তা সনদ জালিয়াতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তরুণ প্রজন্মের সৃজনশীলতা ও সম্ভাবনার কথা উল্লেখ করে মুহাম্মদ ইউনূস বলেন, ‘তাদের জন্য সম্ভাবনার দরজা খুলে দেওয়া সরকারের দায়িত্ব। এ লক্ষ্যে বেসরকারি উদ্যোক্তারা যেন আরও স্বচ্ছ ও কার্যকরভাবে কাজ করতে পারে, সে জন্য প্রয়োজনীয় উদ্যোগ ও সমন্বয়ের ওপর তিনি জোর দেন।’
এনএসডিএর গভর্নিং বডির এই সভায় নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন, স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুণ উপস্থিত ছিলেন।