সর্বশেষ আপডেট : ১৩ ঘন্টা আগে
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বাংলাদেশকে বাদ দেওয়ায় আইসিসির দ্বিমুখী আচরণের সমালোচনা আফ্রিদি-গিলেস্পির

ডেইলি সিলেট ডেস্ক ::

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার ঘটনায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কড়া সমালোচনা করেছেন দুই সাবেক ক্রিকেটার শাহিদ আফ্রিদি ও জেসন গিলেস্পি। তারা ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির প্রসঙ্গ তুলে ধরে ভারত ও বাংলাদেশের সঙ্গে আইসিসির আচরণের তুলনা করেছেন এবং বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে ভারত থেকে নিজেদের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছিল বাংলাদেশ। তবে আইসিসি সেই দাবিতে সাড়া দেয়নি। বিপরীতে, গত বছর একই ধরনের নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পাকিস্তানে যেতে রাজি হয়নি ভারত। বিসিসিআইয়ের দাবির প্রেক্ষিতে ভারতের ম্যাচগুলো আয়োজন করা হয় দুবাইয়ে।

এই সিদ্ধান্তের ফলে পাকিস্তান নিজ দেশে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল আয়োজন করতে পারেনি। ভারত ফাইনালে ওঠায় শিরোপা নির্ধারণী ম্যাচও অনুষ্ঠিত হয় দুবাইয়ে। একই ধরনের পরিস্থিতিতে দুই দেশের সঙ্গে ভিন্ন আচরণ করায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আইসিসিকে কাঠগড়ায় তোলেন আফ্রিদি ও গিলেস্পি।

পাকিস্তানের সাবেক অধিনায়ক শাহিদ আফ্রিদি বলেন, সব দেশের জন্য আইসিসির নিয়ম একইভাবে প্রযোজ্য হওয়া উচিত এবং সংস্থাটির দায়িত্ব সম্পর্ক গড়ে তোলা, তা নষ্ট করা নয়।

তিনি বলেন, “বাংলাদেশে ও আইসিসি ইভেন্টে খেলা একজন সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে আমি আইসিসির অসঙ্গতিতে ভীষণ হতাশ। তারা ২০২৫ সালে পাকিস্তান সফরে না যেতে ভারতের নিরাপত্তা শঙ্কাকে গ্রহণ করেছিল, কিন্তু এবার মনে হয়েছে তারা সেই একই বোঝাপড়া বাংলাদেশের ক্ষেত্রে প্রয়োগ করেনি।”
আফ্রিদি আরও বলেন, “ধারাবাহিকতা ও ন্যায্যতাই বিশ্ব ক্রিকেট পরিচালনার ভিত্তি। বাংলাদেশের খেলোয়াড় এবং তাদের লাখো ভক্তের সম্মান প্রাপ্য—কোনো দ্বিমুখী আচরণ নয়।”

পাকিস্তানের সাবেক কোচ ও অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার জেসন গিলেস্পিও আইসিসির সিদ্ধান্তের সমালোচনা করেন। তিনি বলেন, “কেন বাংলাদেশ তাদের ম্যাচ ভারতের বাইরে খেলতে পারবে না, এর কোনো ব্যাখ্যা কি আইসিসি দিয়েছে? স্মৃতি থেকে বলতে পারি, পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ খেলতে চায়নি ভারত এবং সেই ম্যাচগুলো তারা আয়োজক দেশের বাইরে খেলেছে। কেউ কি এর যৌক্তিক ব্যাখ্যা দিতে পারবেন?” পরবর্তীতে অবশ্য এই পোস্টটি সামাজিক মাধ্যম থেকে মুছে দেন গিলেস্পি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: