![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
সার কারখানাগুলোতে গ্যাসের দাম ৮৩ শতাংশ বাড়িয়ে প্রতি ঘনমিটার ২৯ টাকা ২৫ পয়সা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
রোববার (২৩ নভেম্বর) বিইআরসির মূল্যহার সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ডিসেম্বর থেকে সার কারখানায় গ্যাসের সমন্বিত মূল্য হবে প্রতি ঘনমিটার ২৯ টাকা ২৫ পয়সা। এতদিন এই দাম ছিল ১৬ টাকা। ফলে দাম বেড়েছে ৮২ দশমিক ৮১ শতাংশ।
এর আগে বিইআরসির কাছে পেট্রোবাংলাসহ গ্যাস বিতরণ কম্পানিগুলো সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম ১৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছিল।
এই প্রস্তাবের ওপর পরবর্তীতে বিইআরসি গণশুনানির আয়োজন করে।
তিতাস গ্যাস, বাখরাবাদ, জালালাবাদ ও কর্ণফুলী বিতরণ সংস্থার সব সার কারখানা গ্রাহক পর্যায়ে নতুন এই দর কার্যকর হবে।
বিতরণ সংস্থাগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে আগেই গণশুনানি করেছিল প্রেট্রোবাংলা। এখন সেই শুনানির তথ্য উপাত্তের ভিত্তিতে দাম সমন্বয় করা হল।
গত ৬ অক্টোবর গণশুনানিতে পেট্রোবাংলা এবং গ্যাস বিতরণ কোম্পানিগুলো প্রতি ঘনমিটার গ্যাসের দাম ১৬ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করার প্রস্তাব দিয়েছিল। অন্যদিকে, কমিশনের কারিগরি কমিটি ৩০ টাকা করার পক্ষে মত দিয়েছিল।
পেট্রোবাংলার প্রস্তাবে বলা হয়েছিল, দাম বাড়ানো হলে বাড়তি সাত কার্গো এলএনজি আমদানি করে সার কারখানায় সরবরাহ করা হবে।
গ্যাসের দাম বৃদ্ধির ফলে সারের দামও বাড়বে। বর্তমানে ইউরিয়া সারের উৎপাদন খরচ পড়ছে কেজিতে ৩৮ টাকার মত। আর বাজারে ২৭ টাকা দরে বিক্রি হচ্ছে। তাতে প্রতি কেজিতে ভর্তুকি দিতে হচ্ছে ১৩ টাকা।