![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
পাকিস্তানের খাইবার পাখতুনখওয়া প্রদেশের লাক্কি মারওয়াত জেলায় পৃথক দুটি ঘটনায় প্রাণ হারিয়েছে পাঁচ শিশুসহ ছয়জন। আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন, যাদের মধ্যে চারজন নারী।
শনিবার সকালে জেলার ল্যাঙ্গারখেল সুরবন্দ এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মাঠে খেলার সময় কিছু শিশু একটি অবিস্ফোরিত শেল কুড়িয়ে গ্রামে নিয়ে যায়। পরে গ্রামে একটি চৌবাচ্চার পাশে খেলতে গিয়ে শেলটি বিস্ফোরিত হয়। এতে আট থেকে ১২ বছর বয়সী পাঁচ শিশু নিহত হয় এবং দুই নারীসহ আহত হন আরও ১৩ জন।
স্থানীয় পুলিশ জানিয়েছে, শিশুদের কেউই বুঝতে পারেনি বস্তুটি কতটা বিপজ্জনক ছিল। বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থলেই পাঁচ শিশুর মৃত্যু হয়।
এদিকে, একই জেলায় শায়খ খোলা এলাকায় একটি ড্রোন হামলায় মারা গেছেন ৫৪ বছর বয়সী আজিজুল্লাহ নামের এক ব্যক্তি। পুলিশের তথ্য অনুযায়ী, আজিজুল্লাহর বাড়িতে ড্রোন থেকে বোমা নিক্ষেপ করা হলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। এ ঘটনায় তার স্ত্রী ও শ্যালিকা আহত হন।
আজিজুল্লাহর ছেলে সাদুল্লাহ জানান, হঠাৎ করে আকাশ থেকে ড্রোন বোমা ফেললে তাদের বাড়ি কেঁপে ওঠে, সঙ্গে সঙ্গেই তার বাবা নিহত হন। গ্রামবাসীরা আহতদের দ্রুত হাসপাতালে পৌঁছে দেয়।
পুলিশ উভয় ঘটনার তদন্ত শুরু করেছে এবং আলাদাভাবে মামলা দায়ের করা হয়েছে।