![]()


স্টাফ রিপোর্টার :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেছেন, জ্ঞানচর্চার এই অনন্য জগতে নিজেকে, পরিবারকে এবং বিশ্ববিদ্যালয়কে আলোকিত করতে পড়াশোনায় মনোযোগী হতে হবে। সময়ের সঠিক ব্যবহার, নিয়মিত ক্লাসে অংশগ্রহণ এবং শিক্ষকদের যথাযথ সম্মান করতে হবে। ভালো ব্যবহার একটি শক্তিশালী অস্ত্র। ভদ্রতা ও সদাচরণ আমাদের এগিয়ে যাওয়ার পথকে সুগম করে। যে পথ সামনে এগিয়ে নিয়ে যায়, সেই পথেই চলতে হবে। তিনি গতকাল মঙ্গলবার দুপুরে বিশ্ব বিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ২০২৪-২০২৫ শিক্ষাবষের্র নবীনবরণ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী আরো বলেন, এই বিশ্ববিদ্যালয় ৩৫ বছরের পথচলায় অনেক সুনাম অর্জন করেছে। আমার অভিজ্ঞতা থেকে বলছি, তোমরা এখানে এসে ভুল করোনি, বরং একটি সঠিক সিদ্ধান্ত নিয়েছো।
বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিম বলেন, তোমাদের জন্য রইলো অনেক শুভকামনা। আশা করি, ক্যাম্পাসের নিয়মকানুন ও কোথায় সমস্যার কথা জানাতে হবে তা পরিষ্কারভাবে জেনে গেছো। তোমরা এমন এক যুগে বসবাস করছো, যেখানে আমরা ‘থ্রি জিরোস’ নিয়ে ভাবছি। এই থ্রি জিরোসের তোমরাই ভবিষ্যতের হিরো ও হিরোইন। কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন শিক্ষার্থীদের নিয়ম-শৃঙ্খলা মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন এবং দিকনির্দেশনা ও অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।
ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ বদিউজ্জামান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস এডমিনিস্ট্রেশন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ শাহিদুল হক, লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আব্দুল্লাহ আল মামুন, এপ্লাইড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ রেজা সেলিম, ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ এছাক মিয়া, প্রক্টর অধ্যাপক মোঃ মোখলেসুর রহমান, ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির (আইআইসিটি) পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন, যৌন হয়রানি ও নিপীড়ন সেলের সভাপতি অধ্যাপক ড. সাবিনা ইসলাম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কালাম আহমদ চৌধুরী, নবীন শিক্ষার্থী পলাশ বখতিয়ার ও ফয়সাল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদের স্মরণ, আহতদের দ্রুত সুস্থতা কামনা ও সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীত পরিবেশনা, জুলাই গণঅভ্যুত্থানে শাবিপ্রবির অবদান এবং বিশ্ববিদ্যালয়ের পরিচিতি, ইতিহাস, ঐতিহ্য ও সাফল্য নিয়ে পৃথক ডকুমেন্টারি প্রদর্শন, নবীন শিক্ষার্থীদের অনুভূতি প্রকাশ এবং সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানকে করে তোলে মনোমুগ্ধকর।