সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
মঙ্গলবার, ১২ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

অপহরণের সাড়ে পাঁচ ঘণ্টা পর উদ্ধার খাদ্য পরিদর্শক সুশান্ত কুমার

ডেইলি সিলেট ডেস্ক ::

খুলনায় অপহরণের সাড়ে পাঁচ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে খাদ্য পরিদর্শক সুশান্ত কুমার মজুমদারকে। রোববার (১৩ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তেরখাদা উপজেলার আজগড়া বিআরবি উচ্চবিদ্যালয়ের মাঠ থেকে তাঁকে উদ্ধার করে পুলিশ। উদ্ধারকালে তাঁর হাত, পা ও চোখ বাঁধা ছিল।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান জানান, খুলনা থানার পুলিশ তৎপর অভিযান চালিয়ে অপহৃত সুশান্তকে উদ্ধার করে।

সুশান্ত কুমার মজুমদার খুলনা নগরের ৪ নম্বর ঘাটে খাদ্য পরিদর্শক ও ইনচার্জ হিসেবে কর্মরত। তাঁর বাড়ি বাগেরহাট জেলার চিতলমারী উপজেলায়।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হোসাইন মাসুম বলেন, অপহরণের খবর পাওয়ার পরপরই পুলিশের একাধিক ইউনিট অভিযান শুরু করে। পুলিশের তৎপরতায় আতঙ্কিত হয়ে অপহরণকারীরা তাঁকে ফেলে পালিয়ে যায়। পরে তেরখাদা থানার সহায়তায় তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

পুলিশ জানায়, অপহরণের পর সুশান্তের পরিবারের কাছে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস)-এর মাধ্যমে মুক্তিপণ দাবি করে চক্রটি। পরিবার থেকে কিছু অর্থ পাঠানোর পর সেই লেনদেনের সূত্র ধরে রূপসা উপজেলার সেনের বাজার এলাকার একটি মোবাইল ব্যাংকিং এজেন্টকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

এর আগে রোববার সন্ধ্যা ৭টার দিকে খুলনা নগরের ৪ নম্বর ঘাট এলাকা থেকে ‘পুলিশ’ পরিচয়ে সুশান্তকে তুলে নিয়ে যায় কয়েকজন ব্যক্তি। প্রত্যক্ষদর্শীরা জানান, তাঁকে জোর করে একটি ট্রলারে তুলে নেওয়া হয়। এ সময় এক পথচারী ঘটনার ভিডিও ধারণ করেন।

ভিডিও ফুটেজে দেখা যায়, কয়েকজন ব্যক্তি এক ব্যক্তিকে ধস্তাধস্তি করে ট্রলারে তুলছেন। মুহূর্তেই ট্রলারটি দ্রুত সরে পড়ে। ভিডিওতে চিৎকার ও গোঙানির শব্দও শোনা যায়।

ঘটনার পর সুশান্ত কুমারের স্ত্রী মাধবী রানী মজুমদার খুলনা সদর থানায় লিখিত অভিযোগ করেন। তিনি অভিযোগে উল্লেখ করেন, ‘পুলিশের লোক’ পরিচয়ে মো. রেজা ও বাবু মণ্ডল নামের দুই ব্যক্তি এবং আরও তিনজন মিলে তাঁর স্বামীকে হাতকড়া পরিয়ে তুলে নিয়ে যান। ট্রলারে তোলার পর তাকে মারধরও করা হয়। ঘটনার পর সুশান্তের দুটি মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। অভিযোগে আরও বলা হয়, বাবু মণ্ডল এর আগেও তার স্বামীর কাছে একাধিকবার টাকা দাবি করেছিলেন, যা তিনি দিতে রাজি হননি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: