![]()


মৌলভীবাজার সংবাদদাতা ::
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ কাঁঠালকান্দি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই নারীর হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত মাসুক আলী (৫২) গ্রেপ্তার হয়েছেন।
বুধবার (৪ জুন) বিকেলে পুলিশ তাকে আদমপুর ইউনিয়নের মধ্যভাগ গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে আটক করে। কমলগঞ্জ থানার ওসি আবু জাফর মো. মাহফুজুল কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল স্থানীয়দের সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
মঙ্গলবার বিকেলে শারমিন ও মাছুমা নামের দুই বোন ধানক্ষেতে কাজ করতে গেলে তাদের চাচা মাসুক আলী, চাচাতো ভাই বাবু আহমেদ ও চাচি রাহেনা বেগম মিলে হামলা চালায় বলে অভিযোগ। তারা পেছন থেকে দা দিয়ে কুপিয়ে দুইজনকে হত্যা করে। তাদের মা হাজেরা বেগম মেয়েদের রক্ষা করতে গেলে তিনিও গুরুতর আহত হন। বর্তমানে তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার পর নিহত শারমিনের স্বামী আব্দুস শহীদ প্রধান অভিযুক্তসহ চারজনের নামে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ জানিয়েছে, মামলার পরপরই অভিযুক্ত মাসুক আলীকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যদের ধরতে অভিযান চলছে।