![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
সম্প্রতি নির্বাচন ও করিডোর নিয়ে নানা আলোচনার মধ্যে রীতিমতো ‘টক অব দ্যা কান্ট্রিতে’ পরিণত হয়েছে প্রধান উপদেষ্টার ‘পদত্যাগের গুঞ্জন’। এই অবস্থার মধ্যেই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে সময় চেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বিষয়টি নিশ্চিত করেছেন। বিবিসি বাংলাকে তিনি জানিয়েছেন, চলমান বিষয় নিয়ে আলাপ করতে তারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে চান। এজন্য প্রধান উপদেষ্টার সাক্ষাতের সময় চাওয়া হয়েছে। মৌখিকভাবে প্রধান উপদেষ্টার কার্যালয়ের পক্ষ থেকে শনিবার (২৪ মে) সন্ধ্যা ৬টায় তাদের সাক্ষাতের সময় দেয়া হয়েছে।
এর আগে প্রধান উপদেষ্টার ‘পদত্যাগের গুঞ্জনের’ মধ্যে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে সর্বদলীয় রাজনৈতিক বৈঠকের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জামায়াত আমিরের পক্ষ থেকে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ আহ্বান জানানো হয়।