![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের বিরুদ্ধে ‘ঐক্যবদ্ধ গণপ্রতিরোধের’ পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘দৃষ্টান্তমূলক’ বিচারিক প্রক্রিয়ায় ‘গণহত্যার দায়ে’ দলটিকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
শনিবার বিকালে সংগঠনের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এক বিবৃতিতে এ দাবি জানান।
তারা মনে করেন, ‘গণহত্যাকারী’ আওয়ামী লীগের ব্যাপারে ভুক্তভোগীদের আকাঙ্ক্ষার বাইরে সিদ্ধান্ত নেওয়ার অধিকার কারো নেই।
হেফাজতের শীর্ষ দুই নেতার বিবৃতি দেওয়ার কথা গণমাধ্যমকে বলেছেন সংগঠনের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী।
বিবৃতিতে হেফাজতের এই নেতারা বলেন, “আওয়ামী সন্ত্রাসবাদ ও ফ্যাসিবাদ নির্মূল না করলে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অরক্ষিত থেকে যাবে।
“গণহত্যাকারী পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের ব্যাপারে ভিকটিম শহীদ পরিবার ও আহতদের আকাঙ্ক্ষার বাইরে সিদ্ধান্ত নেওয়ার অধিকার কারো নেই।”
আওয়ামী লীগ এখন আর কোনো ‘রাজনৈতিক দল নয়’ দাবি করে হেফাজতের শীর্ষ নেতারা বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের মুখে গণহত্যা চালানো দলটির নেতাকর্মীরা ইনডিয়ায় পালিয়ে আধিপত্যবাদের এজেন্ট হিসেবে নিজেদের প্রমাণ করেছে।
“দিল্লির মদদে চব্বিশের পরাজিত শক্তি আওয়ামী ফ্যাসিবাদ আবারও দেশজুড়ে জ্বালাও-পোড়াও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের আরেকটি ওয়ান-ইলেভেন ঘটানোর স্বপ্ন আমরা দুঃস্বপ্নে পরিণত করবো ইনশাআল্লাহ।”
বিবৃতিতে হেফাজতে ইসলামের নেতারা বলেন, “তাদের (আওয়ামী লীগের) বাংলাদেশবিরোধী এজেন্ডার অনুকূলে যেসব মিডিয়াকে কাজ করতে দেখা যাচ্ছে, আরেকটি গণপ্রতিরোধের সময় তারাও রেহাই পাবে বলে আমরা মনে করি না।
“পিলখানা, শাপলা, জুলাই ও মোদীবিরোধী আন্দোলনের শহীদ ও আহতরা এখনো ন্যায়বিচারের জন্য অপেক্ষমান। তাদের ন্যায়বিচারের কথা না ভেবে, যারা বিভিন্ন টকশো ও প্ল্যাটফর্মে এখনো পতিত আওয়ামী ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের এজেন্ডা অনুসারে কথা বলে, তাদের প্রতি জনগণের ক্ষোভ বাড়ছে বলে আমরা মনে করি।”
অতীতেও ‘ফ্যাসিস্ট’ আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়া হয়েছিল এবং ৯৬ সালে ‘প্রতারণামূলক ক্ষমা চেয়ে’ ক্ষমতায় এসেও তারা শোধরায়নি বলে দাবি করেন হেফাজতের শীর্ষ দুই নেতা।
বিবৃতিতে বলা হয়, “রাষ্ট্রক্ষমতা দখলে নিয়ে পনেরো বছর গুম-খুন, পিলখানা, শাপলা ও জুলাইসহ একের পর এক গণহত্যা চালানোর পর বাংলাদেশে দলটির আর কোনো রাজনৈতিক লেজিটিমেসি থাকতে পারে না।”
বিবৃতিতে বলা হয়, “ঐক্যবদ্ধ গণপ্রতিরোধের পাশাপাশি ট্রাইব্যুনালে দৃষ্টান্তমূলক বিচারিক প্রক্রিয়ায় গণহত্যার দায়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করতে হবে।
“প্রভু রাষ্ট্রের বহু চেষ্টা-তদবিরেও এখনো তৃতীয় কোনো রাষ্ট্র মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত অপরাধী হাসিনাকে আশ্রয় দিতে রাজি হয়নি। কোনো সভ্য রাষ্ট্র এমন ঘৃণ্য অপরাধীকে আশ্রয় দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্নের মুখে পড়তে চায় না বলেই আমাদের ধারণা।”