![]()


স্টাফ রিপোর্টার ::
একুশে পদকপ্রাপ্ত দৈনিক আমার দেশ-এর মজলুম সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা অনতিবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন সিলেটে আয়োজিত মানববন্ধনের বক্তারা। মামলা প্রত্যাহার না হলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দেন তারা।
শনিবার বাদ যোহর সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আমার দেশ পাঠক মেলা সিলেট, সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতি লিমিটেড, বাংলাদেশ ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ও গ্লোবাল সিলেটী আওয়াজসহ বিভিন্ন সংগঠনের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে রাজনৈতিক, সাংবাদিক, পেশাজীবী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ শত শত সাধারণ মানুষ অংশ নেন।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, “মাহমুদুর রহমান কোনো সাধারণ ব্যক্তি নন, তিনি জাতির বিবেক। ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ত দিয়ে লড়েছেন। সিলেটবাসী আর কোনোভাবেই তাঁর হয়রানি সহ্য করবে না। ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার না হলে সিলেটের মাটি থেকে দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে।”
তিনি আরও বলেন, “মামলা দায়েরের পর অন্তবর্তী সরকারের দিক থেকে কার্যকর কোনো ব্যবস্থা আমরা দেখিনি। এখন ফ্যাসিস্টদের দোসররা যদি মাহমুদুর রহমানের মতো দেশপ্রেমিকের বিরুদ্ধে মামলা করে, তবে আমাদের নতুন করে ভাবতে হবে।”
সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস উন নূর বলেন, “একাত্তর টিভি দেড় দশক ধরে ফ্যাসিবাদের ভাগিদার হয়ে কাজ করে আসছে। স্কাইপি কেলেঙ্কারি প্রকাশ করে মাহমুদুর রহমান আপোসহীন সংগ্রাম চালিয়ে গেছেন। এখন তাঁকে থামানোর ষড়যন্ত্র চলছে, যা কোনোভাবেই মেনে নেয়া হবে না।”
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, “ফ্যাসিবাদের বিরুদ্ধে দেড় দশক ধরে সংগ্রাম করে আসা মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের অন্তবর্তী সরকারের দুর্বলতার বহিঃপ্রকাশ। সিলেটবাসী তাঁর হয়রানি মেনে নেবে না।”
মুক্তিযোদ্ধা এম এ মালেক খান বলেন, “মাহমুদুর রহমান বাংলাদেশের সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র। মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল যদি অবিলম্বে মামলা প্রত্যাহার না করেন, তবে প্রয়োজনে মেঘনা গ্রুপকে মেঘনা নদীতে ভাসিয়ে দেয়া হবে।”
আয়োজক সংগঠনের সভাপতি ডা. হোসাইন আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি এমজেএইচ জামিলের সঞ্চালনায় মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন দৈনিক আমার দেশের সিলেট ব্যুরো প্রধান ও সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদ।
এছাড়াও মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো প্রধান আবদুল কাদের তাপাদার, বাংলাদেশ ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সভাপতি ঈশা তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী হিজকিল গুলজারসহ আরো অনেকে।
বক্তারা আরও বলেন, সিলেটবাসীকে যদি কেউ অবমূল্যায়ন করে বা অবজ্ঞা করে, তাহলে এখান থেকেই এমন আন্দোলন গড়ে উঠবে যা দমন করা কারও পক্ষে সম্ভব হবে না। প্রয়োজনে মেঘনা গ্রুপের পণ্য বয়কটেরও ডাক দেয়া হবে বলে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন।