![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
কুমিল্লার এক আওয়ামী লীগ নেতা চট্টগ্রাম যাওয়ার পথে চকরিয়ায় বাসে ডাকাতদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। বুধবার রাতের এ ঘটনায় নিহত ইঞ্জিনিয়ার কাজী তৌফিক হোসেন ইথেন মহানগরের শাসনগাছার কাজী মো. জাহিদুল ইসলামের বড় ছেলে।
ইথেনের বাবা জাহিদুল ইসলাম বলেন, আমার ছেলে ডাকাতদের কবলে পড়েছে। চকরিয়া থেকে মোবাইলে খবর আসে তাকে নাকি হত্যা করা হয়েছে। এ খবর পাওয়ার পর পরিবারের লোকজন চকরিয়া থানায় খবর নেন। চকরিয়া থানা পুলিশ ইথেনকে উদ্ধার করে মেডিকেলে নেওয়ার পর সে মারা যায়।
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহাম্মেদ নিয়াজ পাভেল বলেন, ইঞ্জিনিয়ার কাজী তৌফিক হোসেন ইথেন স্বেচ্ছাসেবক লীগের সদস্য ছিলেন।
এদিকে চকরিয়া থানার ওসি মোহাম্মদ আলী যুগান্তরকে বলেন, ইথেন কোনো ডাকাতদের কবলে পড়েনি। সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে।