![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ জেলা মাগুরা-১ আসন থেকে নির্বাচন করছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ইতোমধ্যেই নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছেন টাইগার অধিনায়ক। সাকিবের নির্বাচনী প্রচারণায় তার পাশে থাকতে মাগুরায় গিয়েছেন জাতীয় দলের সতীর্থ রুবেল হোসেন।
জাতীয় দল কিংবা ঘরোয়া ক্রিকেট সব জায়গাতেই সতীর্থদের আইকন সাকিব। এজন্য তিনি রাজনীতিতে নাম লেখানোর পর অনেক ক্রিকেটারই সাধুবাদ জানিয়েছেন। তাই নির্বাচনের প্রচারণায় অংশ হয়েছিলেন রনি তালুকদার। এবার সাকিবের প্রচারণায় নামলেন রুবেল।
শনিবার (১৬ ডিসেম্বর) ফেসবুক পোস্টে সাকিবের নির্বাচনী প্রচারণায় নামার বিষয়টি জানিয়েছেন রুবেল নিজেই। সাকিবের সঙ্গে একটি ছবি আপলোড করে এই ক্রিকেটার লিখেছেন, মাগুরায় প্রিয় ভাইয়ের সাথে বিজয়ের দিনে বিজয়ের লক্ষ্য নিয়ে পথচলা।
আঙুলের ইনজুরির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারছেন না সাকিব। আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে অংশ নেবেন সাকিব। নির্বাচনের পর আসন্ন বিপিএল দিয়ে মাঠে নামার কথা রয়েছে সাকিবের।