![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
মনোহরদীতে ফোন করে প্রতারণার মাধ্যমে এক প্রতিবন্ধী চালকের ইজিবাইক চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে নিজ বসত বাড়ি থেকে তার ইজিবাইকটি চুরি হয়।
স্থানীয়রা জানান, গন্ডারদীয়া গ্রামের আবুল কাশেম (৪৮) দুর্ঘটনায় পা হারিয়ে পঙ্গুত্ব বরণের পর ইজিবাইক চালিয়ে ৫ সদস্যের সংসার চালাতেন।
আবুল কাশেম বলেন, গত সোমবার সন্ধ্যার সময় এক অজ্ঞাত নম্বর থেকে কল করে জানায় তার ইজিবাইকটি নিয়ে যাবে। আমি ভেবেছিলাম পরিচিত কেউ আমার সঙ্গে ঠাট্টা করছে, কিন্তু আজ সকালে আমার ইজিবাইকটি চুরি হয়ে যায়।
তিনি আরও বলেন, সেই অজ্ঞাত নম্বরে এখন কল দিলে ফোন বন্ধ দেখাচ্ছে। আমি ধারদেনা করে ইজিবাইকটি কিনেছিলাম, এখন কীভাবে সংসার চালাবো তা নিয়ে চিন্তিত।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন বলেন, চুরির ঘটনার বিষয়ে কেউ জানায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।ি