![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
আওয়ামী লীগ শান্তি সমাবেশের নামে অশান্তি সৃষ্টি করছে অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, আর অত্যাচার-নির্যাতন সহ্য করা হবে না। এবার কাউকে ছেড়ে দেয়া হবে না। এটা কারও করদরাজ্য নয়। বুধবার আব্দুল্লাহপুরে পদযাত্রা পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘সংবিধানের বাইরে সরকার একচুলও যাবে না’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে মির্জা আব্বাস বলেন, আপনাকে বলি- আমরাও সংবিধানের বাইরে যাব না। তবে কোন সংবিধান? খায়রুল হকের সংবিধান? আপনাদের কাটাছেঁড়া সংবিধানের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না। জনগণের সংবিধানের অধীনে বিএনপি নির্বাচনে অংশ নেবে।
পূর্বঘোষিত বিএনপির পদযাত্রায় অংশ নিতে সকাল ৮টায় আব্দুল্লাহপুরে জড়ো হতে শুরু করেন দলটির নেতাকর্মীরা। ১১টায় সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে এ পদযাত্রা শুরু হয়। বিকাল ৪টায় যাত্রাবাড়ী চৌরাস্তায় গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
পদযাত্রাটি আব্দুল্লাহপুর থেকে বিমানবন্দর, কুড়িল বিশ্বরোড, নতুন বাজার, বাড্ডা, রামপুরা ব্রিজ, আবুল হোটেল, খিলগাঁও, বাসাবো, মুগদাপাড়া, সায়েদাবাদ হয়ে যাত্রাবাড়ী চৌরাস্তায় গিয়ে শেষ হবে।