![]()


মৌলভীবাজার সংবাদদাতা ::
পর্যটন অধ্যুষিত মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বাইক্কা বিল পর্যটকদের অন্যতম পছেন্দের স্থান। এ দর্শনীয় স্থানে টানা ৯ দিন পর্যটন প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে উপজেলা প্রশাসন। পর্যটনদের জন্য নির্মিত স্থাপনা সংস্কার কাজের জন্য বাইক্কা বিলে পর্যটক প্রবেশে এ নিষেধাজ্ঞা শুরু হয়েছে। আগামী ৩ জানুয়ারি পর্যন্ত এ স্থান এড়িয়ে চলার জন্য পর্যটকদের অনুরোধ জানিয়েছে স্থানীয় প্রশাসন।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন এ তথ্য নিশ্চিত করেছেন।
শ্রীমঙ্গলের উপজেলায় হাইল হাওরের বড়গাঙিনায় অবস্থিত বাইক্কা বিল দেশের অন্যতম পর্যটন আকর্ষণ কেন্দ্র। প্রতিদিন বিপুল সংখ্যক দর্শনার্থী আসেন এ বিলে। বিশেষ করে নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি শীতকালে এই বিলে অসংখ্য অতিথি পাখি নামে। সড়ক মেরামতসহ জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ৩ জানুয়ারি পর্যন্ত বাইক্কা বিল সকল দর্শনার্থীর জন্য বন্ধ থাকবে।
এছাড়া এখানে পর্যটকদের জন্য বিভিন্ন প্রাণির ছবি বাঁধাই করা রয়েছে। যেগুলো প্রায় নষ্ট হয়ে গেছে। এসব নতুন করে লাগানো হচ্ছে। এসব কাজের জন্য মূলত ৯ দিন পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে তিনি জানান।
উল্লেখ্য, পাখি ও মাছের অভয়াশ্রম হল হাইল হাওরের বাইক্কা বিল। এই বিলে সারা বছরই পাখির আনাগোনা থাকে। শীতকালে এখানে অতিথি পাখি দেখা যায়। পাখি দেখতে পর্যটকদের জন্য এখানে আছে ওয়াচ টাওয়ার। প্রায় সারা বছরই এখানে পর্যটকেরা ঘুরতে আসেন।