সর্বশেষ আপডেট : ৩৩ মিনিট ৩৫ সেকেন্ড আগে
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

কোচিংয়ে যাওয়া শিক্ষকদের তালিকা হচ্ছে: শিক্ষামন্ত্রী

ডেইলি সিলেট ডেস্ক ::

শ্রেণিকক্ষে না পড়িয়ে কোচিং সেন্টারে যাওয়া শিক্ষকদের তালিকা তৈরি করার কথা বলেছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। তিনি বলেন, অনেক শিক্ষক রয়েছেন, ক্লাসে না পড়িয়ে কোচিং সেন্টারে পড়ান। আমি তালিকা করছি। এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে গিয়ে পড়াতে পারবেন না।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে নাটোরের নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য – সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এসব বলেন তিনি।

রাজনৈতিক দলের মিছিল-মিটিংয়ে অংশগ্রহণ নিয়ে শিক্ষকদের সতর্ক করে মন্ত্রী বলেন, শিক্ষকরা ক্লাস বাদ দিয়ে মিছিল-মিটিং করলে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বেতনভুক্ত শিক্ষকরা প্রজাতন্ত্রের কর্মচারী। যখন তখন মিছিল মিটিং করে রাষ্ট্রদ্রোহ কাজ করবেন না।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষামন্ত্রীকে সব সময় সত্যি কথা বলতে হবে, আমি যদি নিজেই মিথ্যা কথা বলি, তাহলে শিক্ষার্থীরা কি শিখবে? আমি নাটোরে আসার সময় হুইপ দুলু সাহেবকে বলেছিলাম, একটি প্রাথমিক বিদ্যালয়, একটি উচ্চবিদ্যালয়, একটি মাদ্রাসা ও একটি কলেজে আমাকে নিয়ে যাবেন কিন্তু তিনি আমাকে একটি কলেজে নিয়ে গিয়েই তার চক্ষু চড়কগাছ হয়ে গেছে। এরপর তিনি আমাকে আর কোথাও নিয়ে যাননি।

তিনি বলেন, শিক্ষা খাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে আমাদের এই বিএনপি সরকার। প্রথম শিক্ষকদের শতকরা ৫০ ভাগ এমপিও দিয়ে শুরু করেছিলেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সেই থেকে শিক্ষার প্রতি গুরুত্ব দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

তিনি আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয়ে কখনও বাজেটের অভাব হয়নি, শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা সংস্কারের জন্য যা প্রয়োজন তা আমরা সব সময় করে আসছি। এবার আমাদের প্রথানমন্ত্রী তারেক রহমান সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন।

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের প্রসঙ্গ টেনে শিক্ষামন্ত্রী বলেন, এবার এইচএসসি পরীক্ষার প্রায় ২৩ হাজার খাতা পুনর্নিরীক্ষণ করা হয়েছে। আমরা পরীক্ষকদের নিয়মের মধ্যে নিয়ে আসছি। এটা ফ্যাসিস্ট সরকার নয় যে খাতায় না লিখেও নম্বর পাওয়া যাবে। এবার লেখাপড়া করতে হবে। পাবলিক পরীক্ষায় এসএসসি ও এইএসসি পরীক্ষার প্রশ্নপত্র কোথাও ফাঁস হয়নি। মনে রাখতে হবে আগামী দিনের বাংলাদেশে আর কোনো দিন প্রশ্নপত্র ফাঁস হবে না।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন মেয়েদের জন্য সাড়ে তিন লাখ সাইকেল কিনতে। এই প্রকল্প দেশের ১০ লাখ মেয়েকে সাইকেল উপহার দেওয়া হবে। এ ছাড়া ৩০ হাজার কম্পিউটার বিতরণ করা হবে। প্রথম ধাপেই ভালো ফলাফল করা ১৫০০ শিক্ষার্থীকে দেওয়া হবে। এ ছাড়া সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ড্রেস দেওয়া হবে। প্রতিদিন শিক্ষার্থীদের সাড়ে ৩৮ টাকার খাবার দেওয়া হবে। এ ছাড়া বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পের কথা জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: