![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাও এবার সাইবার হামলার শিকার। সংস্থাটির নিরাপত্তা ব্যবস্থা ভেঙে ব্যক্তিগত ও ব্যবসায়িক গোপন তথ্যের নাগাল পেয়েছে হ্যাকাররা। বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে ফিফা। তবে ঠিক কতজনের তথ্য ক্ষতিগ্রস্ত হয়েছে কিংবা কী ধরনের তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে, তা এখনো জানায়নি সংস্থাটি।
বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে সাইবার হামলার বিষয়টি নিশ্চিত করেছেন ফিফার একজন মুখপাত্র। তিনি জানিয়েছেন, অপরাধমূলক এই হামলায় সংস্থাটির সীমিত পরিমাণ ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্যে অননুমোদিত প্রবেশের ঘটনা ঘটেছে।
ফিফার মুখপাত্র বলেন, ‘ফিফা নিশ্চিত করছে যে তারা অপরাধমূলক সাইবার হামলার শিকার হয়েছে। এর ফলে সীমিত পরিমাণ ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্যে অননুমোদিত প্রবেশের ঘটনা ঘটেছে।’
তবে হামলার বিস্তারিত তথ্য প্রকাশ করেনি ফিফা। ঠিক কবে এই ঘটনা ঘটেছে, কারা হামলার সঙ্গে জড়িত কিংবা কীভাবে সংস্থাটির তথ্যভান্ডারের নিরাপত্তা ভাঙা হয়েছে, সে বিষয়ে কিছু জানানো হয়নি। এমনকি কতজন ব্যক্তি বা প্রতিষ্ঠানের তথ্য ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটিও স্পষ্ট করেনি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
ফিফা অবশ্য ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া ও প্রকাশের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। সংস্থাটির মতে, অনুমতি ছাড়া এ ধরনের তথ্য সংগ্রহ ও প্রকাশ করা মানুষের গোপনীয়তার অধিকারের গুরুতর লঙ্ঘন।
এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, বিশেষ করে ব্যক্তিগত তথ্য বেআইনিভাবে সংগ্রহ ও প্রকাশের ঘটনা তারা কঠোরভাবে নিন্দা জানাচ্ছে। এমন কর্মকাণ্ডকে ‘গোপনীয়তার গুরুতর ও অগ্রহণযোগ্য লঙ্ঘন’ হিসেবে বর্ণনা করেছে সংস্থাটি।
তবে চুরি হওয়া কোনো তথ্য ইতিমধ্যে ইন্টারনেটে প্রকাশিত হয়েছে কি না, সে বিষয়েও পরিষ্কার কোনো ব্যাখ্যা দেয়নি ফিফা। তথ্য প্রকাশের কথা উল্লেখ করলেও কোথায় কিংবা কীভাবে সেগুলো প্রকাশিত হয়েছে, তা জানানো হয়নি।
এদিকে হামলার বিষয়ে সরাসরি অবগত একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ফিফার মোট সংরক্ষিত তথ্যের শূন্য দশমিক ১ শতাংশেরও কম আক্রান্ত হয়েছে। অর্থাৎ সংস্থাটির সামগ্রিক তথ্যভান্ডারের তুলনায় ক্ষতিগ্রস্ত অংশের পরিমাণ খুবই কম বলে দাবি সংশ্লিষ্ট সূত্রের। তবে সেই অংশে ঠিক কী ধরনের সংবেদনশীল তথ্য রয়েছে, তা এখনো পরিষ্কার নয়।
সাইবার হামলার খবর সামনে আসার পর আলোচনায় এসেছে ফিফার বাতিল হয়ে যাওয়া একটি বড় বাণিজ্যিক প্রকল্পও। ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ নামের সেই প্রকল্পের মাধ্যমে বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার নতুন কাঠামো গড়ে তোলার পরিকল্পনা ছিল। তবে রয়টার্সকে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সাইবার হামলাকারীরা বাতিল হওয়া ওই প্রকল্পের কোনো নথিতে প্রবেশ করতে পারেনি।