![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
ইসরায়েলের কাছে প্রায় ৯০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে, যা পাঁচ বছর আগে করা এক মূল্যায়নের অনুরূপ বলে গত ১০ নভেম্বর প্রকাশিত ‘বুলেটিন অব দ্য অ্যাটমিক সায়েন্টিস্টস’-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে।
ইহুদিবাদী এই রাষ্ট্র কখনোই প্রকাশ্যে পারমাণবিক অস্ত্র থাকার কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি, তবে ধারণা করা হয় যে ১৯৬০-এর দশক থেকেই পারমাণবিক অস্ত্র উৎপাদন শুরু করে।
পারমাণবিক বিশেষজ্ঞদের ওই প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েল ক্রমাগত প্লুটোনিয়াম মজুত করে চলেছে এবং দেশটির কাছে প্রায় ১,০০০ কিলোগ্রাম প্লুটোনিয়ামের ভান্ডার রয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, “৪ থেকে ৫ কিলোগ্রাম প্লুটোনিয়ামসমৃদ্ধ বুস্টেড পিটসহ দ্বিতীয় প্রজন্মের সিঙ্গেল-স্টেজ ফিশন-ইমপ্লোশন ওয়ারহেড নকশা ধরে নিলে এই মজুত দিয়ে তাত্ত্বিকভাবে আরও ১৬০ থেকে ২৫০টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব।”
ইসরায়েলের পারমাণবিক অস্ত্রভান্ডারের আধুনিকতা বা সক্ষমতা মূল্যায়ন করা “চ্যালেঞ্জিং” উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, দেশটি তাত্ত্বিকভাবে মাল্টি-স্টেজ থার্মোনিউক্লিয়ার অস্ত্র বা হাইড্রোজেন বোমা তৈরি করে থাকতে পারে। তবে প্রাপ্ত তথ্যের বিশ্লেষণে প্রতিবেদনটি ইঙ্গিত দিয়েছে যে, ইসরায়েলের অস্ত্রভান্ডার মূলত সিঙ্গেল-স্টেজ বুস্টেড ফিশন অস্ত্র নিয়ে গঠিত।
বুলেটিনে বলা হয়েছে, পারমাণবিক শক্তিধর অধিকাংশ রাষ্ট্রের মতো ইসরায়েলও তার প্লুটোনিয়াম ভান্ডারকে কৌশলগত মজুত (স্ট্র্যাটেজিক রিজার্ভ) হিসেবে ব্যবহার করে, এবং তাৎক্ষণিকভাবে পারমাণবিক অস্ত্রভান্ডার সম্প্রসারণে এটি ব্যবহার করার কোনো পরিকল্পনা তাদের নেই।
ডিমোনা চুল্লির কার্যক্রম ও নতুন নির্মাণকাজ
ইসরায়েলের ডিমোনো পারমাণবিক চুল্লিতে চলমান কার্যক্রম পর্যবেক্ষণ করে বিশেষজ্ঞরা মূল্যায়ন করেছেন যে, সেখানে এখনো পারমাণবিক ওয়ারহেড তৈরি অব্যাহত রয়েছে—তবে তা কেবল ইসরায়েলের বিদ্যমান অস্ত্রভান্ডারের আধুনিকায়ন বা পুরোনো ওয়ারহেড প্রতিস্থাপনের জন্য।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ডিমোনা চুল্লিটি “তার কার্যকর নকশাগত আয়ুষ্কালের শেষ পর্যায়ে পৌঁছেছে” এবং ২০২১ সালে তোলা স্যাটেলাইট ছবিতে ওই এলাকায় কয়েক দশকের মধ্যে অন্যতম বৃহৎ নির্মাণ প্রকল্পের আলামত দেখা গিয়েছিল।
প্রতিবেদনে আরও বলা হয়, “২০২৬ সালের স্যাটেলাইট চিত্রগুলোতে বিদ্যমান চুল্লির সমান ব্যাসবিশিষ্ট একটি নতুন বৃত্তাকার স্থাপনা নির্মাণের দৃশ্য দেখা গেছে; যদিও এই মুহূর্তে এমন কোনো প্রমাণ নেই যে এই কাজটি পারমাণবিক চুল্লির সাথে সম্পর্কিত (এটি সম্ভাব্য অন্য কোনো ধরনের স্থাপনা, যেমন স্টোরেজ ট্যাংকও হতে পারে)।”
ইসরায়েল পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা ‘নিউক্লিয়ার নন-প্রলিফারেশন ট্রিটি’ (এনপিটি)-এর স্বাক্ষরকারী দেশ না হওয়ায় রপ্তানি নিয়ন্ত্রণ বিধিমালা চুল্লিটি প্রতিস্থাপন করা কঠিন করে তুলবে—যা দেশটিকে “বিকল্প পথ খুঁজতে বাধ্য করবে” বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
‘পারমাণবিক অস্পষ্টতার’ নীতি ও ঐতিহাসিক প্রেক্ষাপট
ইসরায়েল দীর্ঘদিন ধরে তার পারমাণবিক অস্ত্রের বিষয়ে এক ধরনের অস্পষ্টতার নীতি (নিউক্লিয়ার অ্যাম্বিগিউটি) বজায় রেখে চলেছে—যার অর্থ দেশটি পারমাণবিক অস্ত্র থাকার কথা স্বীকারও করে না, আবার অস্বীকারও করে না। কয়েক দশক ধরে ইসরায়েল বলে আসছে যে, তারা “মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্র প্রয়োগকারী প্রথম দেশ হবে না।”
এর আগে ১৯৮৬ সালে ডিমোনা পারমাণবিক কেন্দ্রের সাবেক টেকনিশিয়ান মোরদেচাই ভানুনুর সরবরাহকৃত তথ্যের ভিত্তিতে লন্ডনের সানডে টাইমস প্রাক্কলন করেছিল যে, ইসরায়েল ১০০টিরও বেশি পারমাণবিক ওয়ারহেড তৈরি করেছে। ভানুনুকে পরবর্তীতে রাষ্ট্রদ্রোহের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছিল।
সাম্প্রতিক সময়ে ২০২৩ সালের নভেম্বরে ইসরায়েলের কট্টর-ডানপন্থী রাজনীতিবিদ ও ঐতিহ্য-বিষয়ক মন্ত্রী আমিচাই এলিয়াহু ৭ অক্টোবর হামাসের হামলার প্রতিক্রিয়ায় “গাজার ওপর পারমাণবিক বোমা ফেলার” আহ্বান জানিয়ে কার্যত ইসরায়েলের পারমাণবিক সক্ষমতার কথা স্বীকার করে নিয়েছিলেন। ওই হামলার কয়েক দিন পর লিকুদ পার্টির তৎকালীন আইনপ্রণেতা ট্যালি গটলিভও একই ধরনের মন্তব্য করেছিলেন।
উল্লেখ্য, এর ৫০ বছর আগে ১৯৭৩ সালে যখন মিসর ও সিরিয়ার আকস্মিক হামলার পর যখন ইয়োম কিপুর যুদ্ধ শুরু হয়, সে সময়েও তেল আবিব পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা বিবেচনা করেছিল বলে বিভিন্ন প্রতিবেদনে সূত্রে জানা যায়।