সর্বশেষ আপডেট : ৫৭ মিনিট ৫৫ সেকেন্ড আগে
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটে হোটেল থেকে বদির ছেলে-ভাইসহ চারজন আটক

স্টাফ রিপোর্টার :

সিলেট মহানগরীর জল্লারপাড় এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে কক্সবাজারের উখিয়া-টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে ও ভাইসহ চারজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) ভোর ৫টার দিকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—আবদুর রহমান বদির ছেলে ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সহসভাপতি শাওন আরমান, বদির ভাই আমিনুর রহমান আমিন, তাঁর সহযোগী সিআইপি আব্দুস শুক্কুর এবং টেকনাফ পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ হোসেন।

সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর জল্লারপাড় এলাকার ওই হোটেল ঘিরে ফেলে কোতোয়ালি মডেল থানা ও মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি যৌথ দল। রাত পৌনে ১টার দিকে হোটেলে তল্লাশি শুরু হয়। এ সময় সেখানে অবস্থানকারীদের পরিচয় যাচাই-বাছাই করে পুলিশ। প্রায় পাঁচ ঘণ্টার অভিযান শেষে ভোর ৫টার দিকে চারজনকে আটক করা হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাঈনুল জাকির বলেন, সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে ও ভাইসহ চারজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে কক্সবাজার ও ঢাকায় মামলা রয়েছে। সংশ্লিষ্ট মামলার তথ্য ও নির্দেশনার ভিত্তিতে অভিযান চালানো হয়।

ওসি আরও জানান, আটক ব্যক্তিরা সিলেটে অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে প্রযুক্তির সহায়তায় তাঁদের অবস্থান শনাক্ত করা হয়। পুলিশের দাবি, গ্রেপ্তার এড়াতে তাঁরা নগরীর বিভিন্ন স্থানে বারবার অবস্থান পরিবর্তন করছিলেন। হোটেলের কক্ষ ভাড়া নেওয়ার ক্ষেত্রে নারীদের নাম ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করা হয়েছিল বলেও জানান তিনি।

আটক ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা মোবাইল ফোনগুলো ফরেনসিক পরীক্ষার জন্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে। ঢাকা মহানগর পুলিশ ও কক্সবাজার জেলা পুলিশের সদস্যরা সিলেটে এসে তাঁদের জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই করবেন। এরপর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: