![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের রাজশাহীর বাঘার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বাঘার আড়ানী পৌরসভার চকসিংগা গ্রামে তার নিজ বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষ দর্শীরা জানান, মোটরসাইকেলে চড়ে ৫-৬ জনের একটি দল বাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে পেট্রল ঢেলে আগুন দেয়। মুহূর্তেই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। আগুন দিয়ে তারা চলে যাওয়ার পর স্থানীয় লোকজন চিৎকার – চেঁচামেচি করে অন্যদের জড়ো করেন। পরে পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলা হয়।
একটি ভিডিওতে চারতলা বাড়িটির নিচতলায় আগুন জ্বলতে দেখা গেছে।
তবে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক দাবি করেছেন, কয়েকজন দুষ্টু ছেলে তার বাড়িতে ঢুকে আগুন দেওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন বাধা দেন। তাদের প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। গেটে আগুন দিলে স্থানীয় লোকজন তা নিভিয়ে ফেলেন।
এদিকে, আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়নি। ফলে অগ্নিসংযোগের ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানা সম্ভব হয়নি।