সর্বশেষ আপডেট : ৪৯ মিনিট ৪১ সেকেন্ড আগে
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

শাকিবের জীবনে অপু-বুবলীর বাইরেও ছিল গভীর প্রেম

ডেইলি সিলেট ডেস্ক ::

ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের নামের সঙ্গে উচ্চারিত হয় দুটি নাম—অপু বিশ্বাস ও শবনম বুবলী। একজন নায়কের সাবেক স্ত্রী, আরেকজন বর্তমান। তবে অভিনেতার বাস্তব জীবনে এমন একটি প্রেমের গল্পও রয়েছে, যা পরিণতি পায়নি।

অথচ সেই মানুষটিকে একসময় বিয়ে করে সংসার পাতার স্বপ্ন দেখেছিলেন শাকিব।

কিছুদিন আগে চ্যানেল আইয়ের ‘চাঁদ তারার গুঞ্জরন’ অনুষ্ঠানে চিত্রনায়িকা পূর্ণিমার মুখোমুখি হয়ে সেই সম্পর্কের কথা জানিয়েছিলেন শাকিব খান। এই খবর তুলে ধরেছে কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকা।

দীর্ঘদিনের পরিচিত শাকিব ও পূর্ণিমার আলাপচারিতায় উঠে আসে অভিনয়জীবন ও ব্যক্তিগত নানা ঘটনা ও স্মৃতি। একপর্যায়ে পূর্ণিমা শাকিবের অতীতের একটি প্রেমের প্রসঙ্গ তোলেন।

পূর্ণিমা বলেন, শাকিবের জীবনে আসা মেয়েটি ছিলেন বিনোদনজগতের বাইরের মানুষ। গুলশানের একটি ইংরেজি মাধ্যম স্কুলে তিনি পড়াশোনা করেছিলেন। এই সম্পর্কের কথা জানতেন শাকিবের ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু ও সহকর্মী।

পূর্ণিমার এ কথায় শাকিবও স্বীকার করেন, সম্পর্কটি তাঁর জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সেই মেয়েকে বিয়ে করার ইচ্ছাও ছিল তাঁর।

শাকিব বলেন, “মনে মনে আমি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম।” মেয়েটির পরিবার ও ব্যক্তিত্বের প্রশংসাও ঝরে শাকিবের কথায়। তিনি বলেন, তাঁদের দুজনের মধ্যে গভীর ভালোবাসা ছিল।

শেষপর্যন্ত পরিণতি পায়নি শাকিবের সেই প্রেম। নানা অভিমান ও পরিস্থিতির চাপে ধীরে ধীরে দূরত্ব তৈরি হয় দুজনের মধ্যে। বিচ্ছেদের জন্য তাঁর মনে কিছুটা আক্ষেপ ও অনুশোচনাও রয়েছে এখনও। তবে সেই প্রেমিকার কথা শাকিব ভোলেননি। মাঝেমধ্যে তাঁর কথা মনে পড়লেও বর্তমানে দুজনের মধ্যে কোনো যোগাযোগ নেই বলেও জানিয়েছেন শাকিব।
শাকিবের মূল নাম মাসুদ রানা। ১৯৭৯ সালের ২৮ মার্চ গোপালগঞ্জে তাঁর জন্ম। শৈশব কেটেছে নারায়ণগঞ্জে। ১৯৯৯ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালোবাসা’ চলচ্চিত্র দিয়ে শাকিবের অভিষেক। সে বছরই অভিনয় করেন ‘সবাই তো সুখী হতে চায়’ সিনেমায়।

এরপর একে একে মুক্তি পায় ‘মাই নেম ইজ সুলতান’, ‘স্বপ্নের বাসর’, ‘মুখোশধারী’, ‘আমার প্রাণের স্বামী’, ‘ও প্রিয়া তুমি কোথায়’, ‘প্রাণের মানুষ’, ‘সাহসী মানুষ চাই’, ‘জানের জান’, ‘অনন্ত ভালোবাসা’, ‘ঠেকাও মাস্তান’, ‘বস্তির রানী সুরিয়া’, ‘খুনি শিকদার’, ‘সুভা’, ‘বাঁধা’, ‘পিতার আসন’, ‘ডাক্তার বাড়ি’, ‘তুই যদি আমার হইতি রে’সহ আরও অনেক সিনেমা।

২৮ বছরের ক্যারিয়ারে কাজের স্বীকৃতি হিসেবে কয়েকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শাকিব। ২০১২ সালে ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, ২০১৪ সালে ‘খোদার পরে মা’, ২০১৬ সালে ‘আরও ভালোবাসব তোমায়’ এবং ২০১৭ সালে ‘সত্তা’ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।

কোভিড মহামারির পর ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রিতে বয়ে যাওয়া সুবাতাস আরও জোরালো করেন শাকিব। ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’, ‘তুফান’, ‘তাণ্ডব’, ‘বরবাদ’, ‘প্রিন্স’ ও ‘রকস্টার’ সিনেমায় বিভিন্ন ধরনের চরিত্রে নিজেকে নতুনভাবে তুলে ধরার চেষ্টা করেছেন তিনি।

সামনের কাজ নিয়েও ব্যস্ততা রয়েছে শাকিবের। তাঁর আগামী সিনেমা ‘নিঃস্ব’। এতে তাঁর বিপরীতে ফের অভিনয়ের কথা রয়েছে কলকাতার অভিনেত্রী ইধিকা পালের। অন্যদিকে নির্মাতা হিমেল আশরাফের ‘মহব্বত’ সিনেমার কথাও সামনে এসেছে।

গত অক্টোবরে নিউইয়র্কে আয়োজিত ‘ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬’-এ সেরা অভিনেতার পুরস্কার পান শাকিব খান। একই অনুষ্ঠানে উদ্‌যাপন করা হয় তাঁর চলচ্চিত্রজীবনের ২৭ বছর।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: