![]()


দক্ষিণ সুরমা সংবাদদাতা ::
সিলেট-শ্রীমঙ্গল-মৌলভীবাজার সড়কে পারমিটবিহীন বাস চলাচল বন্ধের দাবিতে প্রতিবাদ সভা করেছে সিলেট-শ্রীমঙ্গল মৌলভীবাজার বাস মালিক গ্রুপ ও শ্রমিক ইউনিয়ন।
শনিবার (৩ অক্টোবর) সকাল ১১টায় সিলেটের কদমতলী বাস টার্মিনালে সংগঠনের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বাস মালিক গ্রুপের উপদেষ্টা, সিলেট-শেরপুর-মৌলভীবাজার-শ্রীমঙ্গল রুটে চলাচলকারী ননস্টপ এসএমএস সার্ভিসের সভাপতি ও রাজনীতিবিদ হাজী শাহাব উদ্দিনের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সংগঠনের সেক্রেটারি আব্দুল কাইয়ুম।
সভায় বক্তারা অভিযোগ করেন, দীর্ঘ এক যুগ ধরে সিলেট-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-ঢাকা পুরাতন মহাসড়ক দিয়ে সিলেট-শ্রীমঙ্গল-মৌলভীবাজার বাস ও মিনিবাস মালিক গ্রুপের বাস চলাচল করছে। অন্যদিকে, হবিগঞ্জ এক্সপ্রেসের শতাধিক বাস এ সড়কে চলাচল করলেও মাত্র তিনটি বাসের পারমিট রয়েছে বলে দাবি করেন তারা।
বক্তারা বলেন, পারমিটবিহীন বাস চলাচলের কারণে বৈধ পারমিটধারী বাস মালিকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ অবস্থায় সড়কে শৃঙ্খলা বজায় রাখতে পারমিটবিহীন বাস চলাচল বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এ সময় তারা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
সভায় বক্তারা সিলেট-শ্রীমঙ্গল-মৌলভীবাজার রুটে যাত্রীসেবার মান বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন। এ জন্য মালিক ও শ্রমিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
সভায় বক্তব্য রাখেন মালিক গ্রুপের কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহসভাপতি সামছুদ্দিন বাবুধন, সহসভাপতি সৈয়দ মৌরশ আলী ও মোক্তার আহমদ, হাজী পারভেজ মিয়া, হাজী কয়েছ উদ্দিন, কার্যনির্বাহী সদস্য হাজী ফরিদুর রহমান, হাজী নুর মিয়া, সৈয়দ রৌশন আলী, শ্রী অরুন দেব, হাজী আফতাব উদ্দিন, লয়লু মিয়া, রোটারিয়ান মো. নুরুল ইসলাম রুপন, সুহেল আহমদ, দীপক চন্দ্র ও মুজিবুর রহমান।
এ ছাড়া শ্রমিক উপকমিটির চেয়ারম্যান বাবরু মিয়া, সেক্রেটারি ফরিদ মিয়া, সহসভাপতি নজরুল ইসলাম, সহসেক্রেটারি শাহান মিয়া ও ক্যাশিয়ার আখতার হোসেনসহ মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।