![]()


সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইনসের সরাসরি ফ্লাইট চালুর সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানিয়েছে সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখা।
রোববার এক যৌথ বিবৃতিতে সংগঠনের সভাপতি শাহ মুনিম, সাধারণ সম্পাদক সলিসিটর এম ইয়াওর উদ্দিন ও কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান কুরেশী এ দাবি জানান।
বিবৃতিতে নেতারা বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সম্প্রতি সিলেট থেকে তুরস্কের ইস্তাম্বুলে টার্কিশ এয়ারলাইনসের সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগের কথা জানিয়েছেন। তাঁর ঘোষণাকে স্বাগত জানিয়ে তাঁরা ফ্লাইট চালুর সম্ভাব্য সুনির্দিষ্ট তারিখ জানতে চান। ৫ সেপ্টেম্বর সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছিলেন, সিলেট-ইস্তাম্বুল রুটে টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইট চালুর বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।
সংগঠনের নেতারা আরও বলেন, আরও কয়েকটি বিদেশি এয়ারলাইনসকে সিলেটে আনার উদ্যোগের কথাও বলা হয়েছে। এসব উদ্যোগ দ্রুত বাস্তবায়িত হলে বিভিন্ন দেশে বসবাসরত সিলেটের প্রবাসীদের যাতায়াত আরও সহজ হবে বলে তারা আশা প্রকাশ করেন।
বিবৃতিতে সিলেটসহ দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে প্রবাসীদের হয়রানি ও লাগেজ চুরি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল সম্প্রসারণের কাজ দ্রুতগতিতে সম্পন্ন করে ২০২৭ সালের মধ্যে শেষ করার দাবি জানানো হয়েছে। বিমানবন্দরের মসজিদটি নান্দনিক দ্বিতল মসজিদে রূপান্তর করে হজযাত্রীদের জন্য আরও সুবিধাজনক করারও দাবি জানান তারা।
সিলেট-আখাউড়া রেলপথ ডাবল লাইনে উন্নীত করার দাবিও জানিয়েছেন সংগঠনের নেতারা। এ বিষয়ে সিলেট বিভাগ গণদাবি পরিষদ এর আগেও একই দাবি জানিয়েছিল। আগস্টে দেওয়া এক যৌথ বিবৃতিতে সংগঠনটি ডুয়েলগেজ সিঙ্গেল লাইনের পরিবর্তে ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি জানায়।
বর্তমানে আখাউড়া-সিলেট রেলপথকে ডুয়েলগেজে রূপান্তরের উদ্যোগ রয়েছে। বাংলাদেশ রেলওয়ের চলমান প্রকল্পের তালিকাতেও আখাউড়া-সিলেট সেকশনের মিটারগেজ রেললাইনকে ডুয়েলগেজে রূপান্তরের প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে।
বিবৃতিতে যুক্তরাজ্য শাখার দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন সিলেট বিভাগ গণদাবি পরিষদের পর্তুগাল শাখার সভাপতি হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক সানি আহমদ সুমন। একই দাবির প্রতি সমর্থন জানান সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব মনসুর আহমদ লস্করসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।-বিজ্ঞপ্তি