![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে টকশোতে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে ভবিষ্যতে রাজনৈতিক ভাষার ব্যবহারে সতর্ক ও নিজেকে শুধরে নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
ফেসবুক পোস্টে রাশেদ খান ব্যাখ্যা দেন যে, আগে নাসীরুদ্দীন পাটওয়ারী কর্তৃক বিএনপি ও জাতীয়তাবাদী আদর্শের শীর্ষনেতৃত্বসহ সরকারের দায়িত্বশীল ব্যক্তিবর্গের বিরুদ্ধে ক্রমাগত কটু ও অশ্রাব্য ভাষা ব্যবহারের প্রেক্ষিতে প্রতিক্রিয়াস্বরূপ তিনি ওই মন্তব্য করেছিলেন।
তিনি উল্লেখ করেন, ব্যক্তি আক্রোশ ও ক্ষোভ থেকে ‘ইটের বদলে পাটকেল’ মারার মতো ওই উদাহরণ দেওয়া হলেও পরবর্তীতে তার শুভাকাঙ্ক্ষীরা বিষয়টি অনুচিত বলে অভিমত দেন।
২৪-পরবর্তী রাজনীতিতে সংঘাতের বদলে সহনশীলতা ও মানবিক মর্যাদাকে প্রাধান্য দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে রাশেদ খান লেখেন, গঠনমূলক সমালোচনা ও রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখাই সবার দায়িত্ব। অতীতে অসাবধানতাবশত যে ভাষাগত ভুল বা অনাকাঙ্ক্ষিত মন্তব্য তৈরি হয়েছিল, তা তিনি প্রত্যাহার করছেন। একইসঙ্গে তিনি সতর্ক করেন যে, রাজনীতিতে ঘৃণা ছড়ালে কেবল অরাজনৈতিক সুযোগসন্ধানী গোষ্ঠীই লাভবান হবে।