![]()


স্টাফ রিপোর্টার :
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আজ (১৬ জুলাই) দেশজুড়ে পালিত হচ্ছে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস। রাষ্ট্রীয়ভাবে দিনটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সরকারি ও বেসরকারি উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল, স্মরণসভা এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়েছে।
দুই বছর আগে, ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনায় কয়েকজন নিহত হন। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ নিহত হন। দুই হাত প্রসারিত করে গুলির মুখে দাঁড়িয়ে থাকা তার সেই দৃশ্য দেশ-বিদেশে ব্যাপক আলোচিত হয় এবং আন্দোলনের অন্যতম প্রতীকে পরিণত হয়।
একই দিনে চট্টগ্রামে সংঘর্ষে কলেজ শিক্ষার্থী ও ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম, ওমরগণি এমইএস কলেজের শিক্ষার্থী ফয়সাল আহমেদ এবং ফার্নিচার দোকানের কর্মচারী মো. ফারুক নিহত হন। এছাড়া রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় সংঘর্ষে হকার মো. শাহজাহান ও যুবদল নেতা সবুজ আলী নিহত হন। বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী, ওই দিন সারা দেশে অন্তত ছয়জন নিহত হন।
১৬ জুলাইয়ের ঘটনাকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎকালীন সরকার ঢাকা, চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, বগুড়াসহ বিভিন্ন বিভাগীয় শহরে বিজিবি মোতায়েন করে। একই রাতে দেশের সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় এবং শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি ১৮ জুলাই অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়।
পরবর্তীকালে ১৬ জুলাইকে জুলাই গণঅভ্যুত্থানের একটি গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনের দিন হিসেবে বিবেচনা করা হয়। শহীদদের আত্মত্যাগের স্মরণে এবং গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবাধিকারের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করতে দিনটি ঐতিহাসিক জুলাই শহীদ দিবস হিসেবে পালিত হচ্ছে।