![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
তুর্কি নৌবাহিনীর অধীনস্থ কয়েকটি যুদ্ধজাহাজ সিরিয়ার লাতাকিয়া বন্দরে সৌজন্য সফর করেছে। সোমবারের এ সফরের বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়েছেন সিরিয়ায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত নুহ ইয়িলমাজ। তিনি বলেছেন, তুরস্ক ও সিরিয়ার মধ্যে নৌ খাতে সহযোগিতা ও সংহতি আরও বিস্তৃত হচ্ছে। খবর আনাদোলু এজেন্সির।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, সিরিয়ার নৌবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আল সাউদের আমন্ত্রণে তুরস্কের নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল এরজুমেন্ট তাতলিওগলুর নেতৃত্বে একটি সামরিক প্রতিনিধি দল লাতাকিয়া বন্দরে সফর করেছে। সেখানে তুরস্কের নৌবাহিনীর যুদ্ধজাহাজও নোঙর করা ছিল।
নুহ ইয়িলমাজ বলেন, তুরস্ক ও সিরিয়ার মধ্যে সহযোগিতা ও সংহতি এখন নৌ খাতেও উন্নয়নের পথে রয়েছে। তিনি এ অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।
সফরের সময় অ্যাডমিরাল এরজুমেন্ট তাতলিওগলুর নেতৃত্বাধীন প্রতিনিধি দল সিরিয়ার নৌবাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আল-সাউদের সঙ্গে বৈঠকও করেন।
রাষ্ট্রদূত আরও বলেন, আমাদের সামরিক প্রতিনিধিদলকে স্বাগত জানাতে পেরে আমরা গর্বিত। লাতাকিয়ায় উপস্থিত টিসিজি ইস্তানবুল আমাদের গর্বিত করেছে।
এর আগে তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তুর্কি নৌবাহিনীর অধীনস্থ কয়েকটি যুদ্ধজাহাজ সোমবার সিরিয়ার লাতাকিয়া বন্দরে সৌজন্য সফর করেছে।