![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মার্কিন জনগণকে আন্তরিক শুভেচ্ছা–অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছাবার্তায় তিনি অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে দুই দেশের অংশীদারত্ব আরও জোরদার ও গভীর করতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমরা বিশ্বাস করি, আপনার বাস্তববাদী নেতৃত্বে যুক্তরাষ্ট্র আগামী দশকগুলোতে আরও মহত্ত্ব অর্জনের পথে এগিয়ে যাচ্ছে।’
গতকাল শনিবার ট্রাম্পকে পাঠানো এক চিঠিতে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন।
ট্রাম্পকে পাঠানো চিঠিতে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সরকার, বাংলাদেশের জনগণ এবং আমার নিজের পক্ষ থেকে আপনার এবং আপনার মহান দেশ যুক্তরাষ্ট্রের জনগণকে ২৫০তম স্বাধীনতা দিবসের এই ঐতিহাসিক মাইলফলক উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।’
প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র যখন এই গৌরবোজ্জ্বল দিন উদ্যাপন করছে, তখন ‘আমেরিকা ২৫০’ বিশ্বের মানুষের জন্যও আমেরিকান স্বপ্ন, ত্যাগ, স্বাধীনতা, মূল্যবোধ, ঐতিহ্য, চেতনা এবং বিশ্বের প্রতি যুক্তরাষ্ট্রের অবদান থেকে অনুপ্রেরণা নেওয়ার একটি উপলক্ষ হয়ে উঠেছে।
গত পাঁচ দশকে দুই দেশের সম্পর্ক বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, প্রতিরক্ষা সহযোগিতা এবং জনগণের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে শক্তিশালী ও বহুমাত্রিক অংশীদারত্বে পরিণত হয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ‘আমাদের স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্র আমাদের গণতান্ত্রিক ও উন্নয়নযাত্রায় একটি মূল্যবান বন্ধু এবং গুরুত্বপূর্ণ অংশীদার।’
প্রধানমন্ত্রী বলেন, ‘এখন আমরা আমাদের সম্পর্কের নতুন এক অধ্যায়ে প্রবেশ করেছি। চলতি বছরের শুরু থেকে বাণিজ্য, জ্বালানি সহযোগিতা ও বিনিয়োগের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। রোহিঙ্গা সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থন ও উদারতার জন্যও আমরা গভীরভাবে কৃতজ্ঞ।’
ট্রাম্পকে দেওয়া চিঠিতে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘নিশ্চিত থাকুন, আমি ও আমার সরকার আমাদের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রগুলোতে দ্বিপক্ষীয় অংশীদারত্ব আরও জোরদার ও গভীর করতে আপনার এবং আপনার প্রশাসনের সঙ্গে কাজ করে যাব।’
শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও অব্যাহত সাফল্য কামনা করেন। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের জনগণের স্থায়ী শান্তি, সমৃদ্ধি ও সুখ কামনা করেন।