![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
বলিউডের জনপ্রিয় সংগীত পরিচালক ও সুরকার প্রীতমকে ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা । সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি পোস্ট ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নানা জল্পনা।
মুম্বাই সিনেমার বহু শ্রোতাপ্রিয় গানের স্রষ্টা তিনি। গতকাল ১৪ জুন ছিল প্রীতমের জন্মদিন। দিনভর সহকর্মী, শুভানুধ্যায়ী ও ভক্তদের শুভেচ্ছায় সিক্ত হন তিনি। আর সেদিনই দিলেন বিদায়ের ঘোষণা। জানালেন, কয়েকটা বছর এবার নিজেকে দিতে চান।
পোস্টে প্রীতম লিখেছেন, ‘আজ আমি নিজেকে কয়েক বছর উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এবার থেকে জীবনটাকে একেবারে অন্যভাবে বাঁচব। যেসব বিষয় এতদিন মিস করেছি, সেগুলোর স্বাদ নেওয়ার জন্যই এই সিদ্ধান্ত। এখন নতুন সফরে পা রাখার সময় এসেছে, যে কাজগুলোকে এতদিন অপেক্ষা করিয়ে রেখেছিলাম, সেটাই করব।
এই বক্তব্যের পর থেকেই তার অবসর নিয়ে গুঞ্জন শুরু হয়। যদিও পোস্টে সরাসরি সংগীতজগৎ বা প্লেব্যাক থেকে সরে যাওয়ার কথা উল্লেখ করেননি তিনি।
পোস্টের পরবর্তী অংশে প্রীতম আরো লেখেন, ‘বাণিজ্যিক কাজের অভিজ্ঞতা আমার দারুণ। তবে বরাবরই অজানা-অচেনা পথের প্রতি আমার কৌতূহল বেশি। আপনাদের সবার ভালোবাসা ও সমর্থনের জন্য সবসময় ধন্যবাদ।
পোস্টটি প্রকাশের পর ভক্তরা মন্তব্যের ঘরে নানা প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন লিখেছেন, ‘আপনিও বিরতি নিচ্ছেন! প্রীতমের নতুন গানগুলো মিস করব। বিশেষ করে অরিজিৎ-প্রীতমের জুটিটাকে।’ আরেকজনের মন্তব্য, ‘এতে বলিউডের ক্ষতি হলেও প্রকৃত সংগীতপ্রেমীদের জন্য হয়তো আশীর্বাদ হয়ে আসবে।’
তবে ভক্তদের এমন মন্তব্যের কোনো জবাব দেননি প্রীতম। ফলে তিনি সত্যিই অবসরের পথে হাঁটছেন, নাকি জীবনের নতুন কোনো অধ্যায়ের ইঙ্গিত দিয়েছেন—সেটি এখনো স্পষ্ট নয়।
উল্লেখ্য, চলতি বছরের শুরুতে গায়ক অরিজিৎ সিংয়ের অবসরসংক্রান্ত ঘোষণাও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। এবার একই ধরনের রহস্যময় বার্তায় আলোচনার কেন্দ্রে এলেন প্রীতম।