সর্বশেষ আপডেট : ৫৭ মিনিট ৩৮ সেকেন্ড আগে
সোমবার, ১৮ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

এয়ার শো চলাকালে আকাশে ২ মার্কিন যুদ্ধবিমানের সংঘর্ষ

ডেইলি সিলেট ডেস্ক ::

যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যে একটি এয়ার শো চলাকালে মাঝআকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে যুদ্ধবিমান দুটি মাটিতে বিধ্বস্ত হলেও ভেতরে থাকা চারজন ক্রু প্যারাসুটের মাধ্যমে নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছেন।

স্থানীয় সময় রোববার (১৭ মে) দুপুরে আইডাহোর মাউন্টেন হোম এয়ার ফোর্স বেসের কাছে আয়োজিত ‘গানফাইটার স্কাইস’ এয়ার শো চলাকালে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলটি বিমানঘাঁটি থেকে প্রায় ২ মাইল উত্তর-পশ্চিমে অবস্থিত।

মার্কিন নৌবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, আকাশে মহড়া প্রদর্শনের সময় ইউএস নেভির দুটি ইএ-১৮জি যুদ্ধবিমানের সংঘর্ষ হয়। ঘটনার পরপরই চারজন ক্রু সদস্য জরুরি বহির্গমন বা ইজেক্ট করতে সক্ষম হন। পরে তাদের প্যারাসুটে নিরাপদে নিচে নামতে দেখা যায়।

কর্মকর্তারা জানিয়েছেন, চারজনই বর্তমানে স্বাভাবিক রয়েছেন। তাদের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা চলছে। তবে তারা আহত হয়েছেন কি না, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।

ঘটনার পরপরই বিধ্বস্ত যুদ্ধবিমান দুটি থেকে আগুন ও কালো ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়। দুর্ঘটনার জেরে বিমানঘাঁটিটি সাময়িকভাবে বন্ধ করা হয় এবং এয়ার শোর বাকি কর্মসূচি বাতিল ঘোষণা করা হয়।

মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবাহিনীর মুখপাত্র কমান্ডার অ্যামেলিয়া উমায়াম জানান, দুর্ঘটনায় জড়িত চারজন বিমানচালক ওয়াশিংটনের হুইডবে আইল্যান্ডভিত্তিক ইলেকট্রনিক অ্যাটাক স্কোয়াড্রন ভিএকিউ-১২৯ এর সদস্য ছিলেন। তারা নৌবাহিনীর দুটি ইএ-১৮জি জেটে করে মহড়া দিচ্ছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, সংঘর্ষের পর যুদ্ধবিমান দুটি আগুনের গোলার মতো ঘুরতে ঘুরতে নিচে পড়ে যাচ্ছে। তবে বিধ্বস্ত হওয়ার আগেই চারটি প্যারাসুট খুলে আকাশ থেকে নিচে নামতে দেখা যায়।

ঘটনার সময় উপস্থিত এক প্রত্যক্ষদর্শী মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে বলেন, তিনি পাশের একজনকে বলতে শুনেছিলেন ‘ওগুলো পড়ে যাচ্ছে’। পরে ফিরে তাকিয়ে দেখেন চারজন প্যারাসুটে নিচে নামছেন এবং দূরে কালো ধোঁয়া উড়ছে।

মাউন্টেন হোম এয়ার ফোর্স বেজ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, দ্রুত ও নিরাপদভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন জরুরি উদ্ধারকারীরা। একই সঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

এর আগে শনিবার এয়ার শোর প্রথম দিনের আয়োজন সফলভাবে সম্পন্ন হলেও দ্বিতীয় দিনের এই দুর্ঘটনার পর স্থানীয় পুলিশ স্থানীয়দের বিমানঘাঁটির দিকে ভ্রমণ না করার অনুরোধ জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: