![]()


সংবাদদাতা ::
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মনু নদী থেকে উদ্ধার হওয়া ভারতীয় নাগরিক নিত্যানন্দ মালাকারের মরদেহ আনুষ্ঠানিকভাবে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করেছে কুলাউড়া থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যা ৬টার দিকে চাতলাপুর স্থলবন্দর দিয়ে মরদেহটি ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। এ সময় দুই দেশের স্থলবন্দর কর্তৃপক্ষ, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নিহত নিত্যানন্দ মালাকার ভারতের ত্রিপুরা রাজ্যের কৈলাশহরের বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ মে বিকেলে কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ছৈদলবাজার এলাকায় মনু নদীতে ভাসমান একটি মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। ভারতের উজান থেকে নেমে আসা মনু নদী সীমান্তবর্তী শরীফপুর এলাকা হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।
এর আগে গত ৯ মে কৈলাশহর এলাকায় নিত্যানন্দ মালাকার নিখোঁজ হন। এ ঘটনায় তার পরিবারের সদস্যরা স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
স্থানীয়দের ভাষ্য, দীর্ঘ সময় ধরে মরদেহটি ছৈদলবাজার খেয়াঘাট সংলগ্ন এলাকায় আটকে ছিল। পরে নদীর স্রোতে ভেসে টিলাগাঁও ইউনিয়নের চানপুর এলাকার তীরে গিয়ে আটকে পড়ে।
এলাকাবাসী জানান, সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের কারণে মনু নদীর পানির প্রবাহ বেড়ে গেছে। এর ফলে অতীতেও সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন বস্তু ও মরদেহ ভেসে আসার ঘটনা ঘটেছে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা জানান, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয় এবং পরিচয় শনাক্তে কাজ শুরু করা হয়। পরে ভারতীয় পুলিশ যোগাযোগ করে নিহতের পরিচয় নিশ্চিত করলে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।