![]()


স্টাফ রিপোর্টার ::
ওলিকূল শিরোমণী হজরত শাহজালাল মুজার্রাদ ইয়ামনী (র.)-এর মাজারে শুরু হয়েছে দুই দিনব্যাপী ৭০৭তম বার্ষিক ওরস। বৃহস্পতিবার সকাল থেকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজারো ভক্ত-অনুরাগী সিলেটে মাজার প্রাঙ্গণে সমবেত হন। গিলাফ নিয়ে দলে দলে ভক্তরা মাজারে প্রবেশ করলে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
মাজার প্রাঙ্গণে জিকির, কোরআনখানি ও নানা ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ওরসের আনুষ্ঠানিকতা শুরু হয়। শুক্রবার ভোরে আখেরি মোনাজাতের মাধ্যমে ওরসের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।
মাজার সূত্রে জানা গেছে, ওরস উপলক্ষে ভক্তদের দেওয়া শতাধিক গরু ও খাসি জবাই করে শিরনি প্রস্তুতের কাজ শুরু হয়েছে। আখেরি মোনাজাত শেষে আগত ভক্তদের মাঝে শিরনি বিতরণ করা হবে। এছাড়া ওরস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষ থেকে একটি গরু উপহার দেওয়া হয়েছে।
মাজার কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার সকালে প্রথমে মাজারের পক্ষ থেকে গিলাফ পরিবর্তন করা হয়। পরে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকেও গিলাফ প্রদান করা হয়।
মাজারের খাদেম শামুন মাহমুদ খান জানান, গিলাফ চড়ানোর মধ্য দিয়ে ওরসের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান, ওরসে আগত ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে দুই হাজারের বেশি স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন। পাশাপাশি মেডিক্যাল টিম, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের সদস্যরাও সার্বক্ষণিক প্রস্তুত রয়েছেন।
ইতিহাস সূত্রে জানা যায়, ১৩০০ খ্রিষ্টাব্দে ইয়ামেন থেকে সিলেটে আগমন ঘটে হজরত শাহজালাল মুজার্রাদ ইয়ামনী (র.)-এর। উপমহাদেশের বিভিন্ন অঞ্চল ভ্রমণের পর তিনি সিলেটে আস্তানা গড়েন। তার সফরসঙ্গী ছিলেন ৩৬০ জন আউলিয়া, যাদের অধিকাংশের মাজার সিলেট অঞ্চলে অবস্থিত। তাদের মাধ্যমে এ অঞ্চলে ইসলামের ব্যাপক প্রসার ঘটে। তার ইন্তেকালের পর প্রতিবছর জিলকদ মাসের ১৮ ও ১৯ তারিখে ওরস অনুষ্ঠিত হয়ে আসছে।