![]()


স্টাফ রিপোর্টার ::
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) পৃথক অভিযানে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে। এ সময় দুইটি আবাসিক হোটেল সিলগালা করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২০ এপ্রিল ২০২৬) বিকাল আনুমানিক ৪টা ৫ মিনিটে মহানগর গোয়েন্দা পুলিশ দক্ষিণ সুরমা থানাধীন চাঁদনীঘাট এলাকার ‘অতিথি’ আবাসিক হোটেলের ২০১ নম্বর কক্ষে অভিযান চালায়। এ সময় অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১ জন পুরুষ ও ১ জন নারীসহ মোট ২ জনকে আটক করা হয়।
এরপর বিকাল আনুমানিক ৫টা ২০ মিনিটে কোতোয়ালী মডেল থানাধীন তালতলা এলাকার ‘সুফিয়া’ আবাসিক হোটেলের ১১২ নম্বর কক্ষে অভিযান পরিচালনা করে আরও ৩ জন পুরুষ ও ১ জন নারীসহ মোট ৪ জনকে আটক করা হয়।
এ ঘটনায় দক্ষিণ সুরমা থানার নন-এফআইআর নং-২৩১, তারিখ ২১ এপ্রিল ২০২৬ এবং কোতোয়ালী মডেল থানার নন-এফআইআর নং-৮৮৮, তারিখ ২১ এপ্রিল ২০২৬, সিলেট মহানগরী পুলিশ আইন ২০০৯-এর ৭৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃত সকল আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
অভিযানে আটককৃতরা হলেন— মোঃ ছাব্বির (২০), স্বপ্না বেগম (২৫), সিদ্দিকুর রহমান বেলাল (২২), সাথী আক্তার (১৯), মোঃ বাবুল মিয়া (৩৭) এবং জাহাঙ্গীর আলম ওরফে আবু সাঈদ (৪২)।
এছাড়া, অসামাজিক কার্যকলাপের অভিযোগে ‘অতিথি’ ও ‘সুফিয়া’ নামে উভয় আবাসিক হোটেল সিলগালা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।