সর্বশেষ আপডেট : ১১ ঘন্টা আগে
রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

গুজব-অপপ্রচার ও ভোটার তালিকার অপব্যবহারের অভিযোগ সিলেট বিএনপির

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সিলেটে পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য, গুজব ও অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। একই সঙ্গে ভোটকেন্দ্র দখলের চেষ্টা, অর্থের বিনিময়ে ভোট কেনা, ধর্মীয় প্রলোভন দেখিয়ে ভোট আদায় এবং নির্বাচন কমিশনের সংরক্ষিত ছবিযুক্ত ভোটার তালিকা অবৈধভাবে ব্যবহারের গুরুতর অভিযোগও তুলেছে দলটি।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী এসব অভিযোগ তুলে ধরেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, দেশ যখন গণতান্ত্রিক ধারায় নির্বাচনমুখী, ঠিক তখনই পরাজয় নিশ্চিত একটি গোষ্ঠী দেশব্যাপী অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। বিশেষ করে নারী ও শিশু-কিশোরদের লক্ষ্য করে বাড়ি বাড়ি গিয়ে বিভ্রান্তিমূলক প্রচারণা চালানো হচ্ছে, যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। প্রকাশ্য জনসভায় ধর্মকে ব্যবহার করে ‘বেহেশতের প্রলোভন’ দেখিয়ে ভোট চাওয়ার ঘটনাও ঘটছে বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নগরী ও সদর উপজেলার একাধিক ভোটকেন্দ্রে একটি রাজনৈতিক দল কেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে—এমন তথ্য বিএনপির কাছে রয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর তালিকা প্রশাসনের কাছে জমা দেওয়া হয়েছে এবং এসব কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের দাবি জানানো হয়েছে।

দলটির অভিযোগ, প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকরা নিম্ন আয়ের মানুষের মাঝে প্রকাশ্যে অর্থ বিতরণ করে ভোট কেনার চেষ্টা চালাচ্ছেন। এ সংক্রান্ত প্রমাণ স্থানীয় প্রশাসনের কাছে জমা দেওয়া হয়েছে বলেও দাবি করা হয়। পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের ভয়ভীতি দেখিয়ে ভোটকেন্দ্রে না যাওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়। জেলার অন্তত তিনটি আসনে বহিরাগতদের অস্বাভাবিক আনাগোনা নির্বাচনী পরিবেশকে অস্থিতিশীল করে তুলতে পারে বলেও মন্তব্য করা হয়।

সংবাদ সম্মেলনে সবচেয়ে গুরুতর অভিযোগ তোলা হয় নির্বাচন কমিশনের সংরক্ষিত ছবিযুক্ত ভোটার তালিকা অবৈধ ব্যবহারের বিষয়ে। বিএনপি নেতারা বলেন, প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকরা গোপন এই তালিকা সংগ্রহ করে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ওপর মানসিক চাপ সৃষ্টি করছেন, যা নাগরিক অধিকার ও নির্বাচনী আইনের পরিপন্থী।

এসব অবৈধ কার্যক্রম বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি নেতারা বলেন, যারা ছবিযুক্ত ভোটার তালিকা অপব্যবহার করছেন তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে প্রতিটি ভোটারের নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষায় প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করা হয়।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: