![]()


স্টাফ রিপোর্টার ::
সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শুক্রবার (১৫ আগস্ট) অনুষ্ঠিত হলো খিদমাহ ব্লাড ব্যাংকের এক দশক পূর্তি উপলক্ষে আয়োজিত “রক্তবন্ধন-২০২৫” অনুষ্ঠান।
অনুষ্ঠানের প্রধান অতিথি ধর্ম উপদেষ্টা অধ্যাপক মাওলানা ড. আ ফ ম খালিদ খালিদ হোসেন বলেন, “মানবতার সেবা কেবল একটি কাজ নয়, এটি একটি ইবাদত।” তিনি আরও বলেন, খিদমাহ ব্লাড ব্যাংক গত এক দশকে যে নিরলস মানবিক সেবা দিয়ে আসছে, তা শুধু সিলেট নয়, বরং সারাদেশের জন্যই এক অনুপ্রেরণার দৃষ্টান্ত। রক্তদানের এ বন্ধন শুধু দাতাদের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং মানুষের হৃদয়ে ভালোবাসা ও সহমর্মিতার সেতুবন্ধন তৈরি করেছে।
ড. খালিদ হোসেন বলেন, “রক্তের বিকল্প রক্ত। একজন রক্তদাতার ঋণ কোনো কিছুর বিনিময়ে শোধ করা যায় না। রক্তদানের বিনিময়েই মুমূর্ষু রোগীর জীবন রক্ষা পায়। পৃথিবীতে মানবতার সবচেয়ে বড় উৎস যদি কেউ খুঁজতে চায়, তবে রক্তদানই সেই মহান কাজ।” তিনি দেশব্যাপী নিরাপদ রক্ত পরিসঞ্চালন নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খিদমাহ ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান কফিল। উদ্বোধনী বক্তব্য রাখেন উপদেষ্টা মাওলানা নুরুজ্জামান সাঈদ এবং স্বাগত বক্তব্য রাখেন সেক্রেটারি মাওলানা আবু সাঈদ ইসহাক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপ-পরিচালক মাওলানা শাহ নজরুল ইসলাম, ইবনে সিনা হাসপাতাল সিলেটের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোহাম্মদ আলী, খিদমাহর উপদেষ্টা মাওলানা লিসানুল হক শাহরুমী, খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান, আমানা ট্রাভেলসের সত্ত্বাধিকারী মাওলানা আবুল কালাম আজাদ ও মাওলানা জয়নাল আবেদীন ফাগুরবাড়ী।
এছাড়া রক্তদানের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে আলোচনা করেন মাওলানা শরীফ মুহাম্মদ, তাকওয়া চ্যারিটি ফাউণ্ডেশনের পরিচালক মাওলানা গাজী ইয়াকুব, জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজির বাজার মাদরাসার মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ এবং সিয়ানাহ ট্রাস্টের পরিচালক মুফতি জিয়াউর রাহমান।
এক দশক পূর্তি উপলক্ষে আয়োজিত এই মহাসমাবেশে মিলনমেলা, আলোচনা সভা, নাশীদ পরিবেশনা, সংবর্ধনা এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দুই শতাধিকেরও অধিক রক্তদাতা, প্রতিষ্ঠাকালীন সদস্য, সিলেটের স্বেচ্ছাসেবী সংগঠন ও বিভিন্ন জেলা-উপজেলা শাখাকে সম্মাননা প্রদান করা হয়।
মুজিব জাহান রেডক্রিসেন্ট রক্তদান কেন্দ্রের সহযোগিতায় ভ্রাম্যমাণ রক্তদান কর্মসূচি পালিত হয়, যেখানে অর্ধশতাধিক মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে জনপ্রিয় নাশীদ শিল্পীদের পরিবেশনা দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে। অতিথি ও ডেলিগেটদের মধ্যে বিশেষ গিফট প্যাকও বিতরণ করা হয়।