![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণে একটি পে কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে এ কমিশনের প্রধান করা হয়েছে। কমিশনটি আগামী ছয় মাসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
বর্তমানে প্রায় ১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী ২০১৫ সালের পে স্কেলের ভিত্তিতে বেতন-ভাতা পাচ্ছেন। তবে বিগত দুই বছরের বেশি সময় ধরে উচ্চ মূল্যস্ফীতির কারণে কর্মীদের প্রকৃত আয় কমে যাওয়ায় বেতন কাঠামো পুনর্নির্ধারণের প্রয়োজনীয়তা দেখা দেয়। সেই প্রেক্ষিতেই নতুন এই পে কমিশন গঠিত হলো।