![]()


স্টাফ রিপোর্টার ::
সিলেটের স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে। প্রথমবারের মতো সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউরোপের উদ্দেশ্যে সরাসরি কার্গো ফ্লাইট চালু হয়েছে। রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ৬০ টন তৈরি পোশাক নিয়ে স্পেনের উদ্দেশ্যে উড়াল দেয় বাংলাদেশ বিমানের চার্টার্ড কার্গো ফ্লাইট (মডেল এয়ারবাস ৩৩০-৩০০ ফ্রেইটার)। এই ঐতিহাসিক মুহূর্তের মধ্য দিয়ে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের ইতিহাসে যুক্ত হলো নতুন অধ্যায়।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন প্রধান অতিথি হিসেবে কার্গো ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী এবং মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান। সভাপতিত্ব করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবির ভূঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে শেখ বশিরউদ্দিন বলেন, “স্বাধীনতার পর ঢাকার বাইরে প্রথম আন্তর্জাতিক কার্গো ফ্লাইট চালু হলো সিলেট থেকে। এটি কোনো গন্তব্য নয়, বরং আমাদের যাত্রার শুরু। আজকের এই সাফল্য সিলেটবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের প্রতীক।” তিনি আরও জানান, সিলেট থেকে কার্গো ফ্লাইট চালুর ফলে ইউরোপে রপ্তানির ব্যয় ১৩ শতাংশ কমেছে এবং ব্যবসায়ীরা এখন অনেক কম খরচে সরাসরি দেশে থেকেই কার্গো করতে পারবেন।
রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেন, “সিলেটবাসীর প্রাণের দাবি ছিল একটি কার্যকর আন্তর্জাতিক বিমানবন্দরের। আজকের এই কার্গো ফ্লাইট চালুর মাধ্যমে সেই দাবি পূরণ হলো। আশা করছি, নিয়মিত সপ্তাহে অন্তত দুটি ফ্লাইট পরিচালিত হবে।”
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান বলেন, “সিলেট থেকে কার্গো ফ্লাইট চালু হওয়ায় ঢাকার ওপর চাপ কমবে এবং দেশের রপ্তানি বাণিজ্যে নতুন গতি আসবে।”
প্রসঙ্গত, প্রায় ২৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্স ও টার্মিনাল। প্রথম ফ্লাইটে স্পেনের বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড ইন্ডিটেক্সের জন্য তৈরি পোশাক পরিবহন করা হয়। কার্গো ও গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা প্রদান করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
এই উদ্যোগের মাধ্যমে সিলেটসহ পুরো দেশের রপ্তানির নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বলে মত দিয়েছেন উপস্থিত ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দ। একইসঙ্গে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও ভবিষ্যতে কার্গো ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে বলে জানান শেখ বশিরউদ্দিন।