![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
আসন্ন পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে দলের প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, বরিশাল সিটি করপোরেশনে বাদ পড়েছেন বর্তমান মেয়র সাদিক আবদুল্লাহ।
এবার বরিশালে মনোনয়ন পেয়েছেন আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত। তিনি বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর আপন চাচা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আপন ভাগনে। এই সিটিতে দলীয় মনোনয়নের দৌড়ে চাচার কাছে হেরে বাদ পড়েন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বোন আমেনা বেগমের ছোট ছেলে আবুল খায়ের আবদুল্লাহ। তিনি বর্ষীয়ান নেতা আবুল হাসানাত আবদুল্লাহর ছোট ভাই।
শনিবার বেলা ১১টায় আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে অনুষ্ঠিত হয়। সভা শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রার্থীদের নাম ঘোষণা করেন।
উল্লেখ্য, গত ৩ এপ্রিল গাজীপুর, রাজশাহী, বরিশাল, সিলেট ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ২৫ মে গাজীপুর, রাজশাহী ও সিলেট ২১ জুন এবং খুলনা ও বরিশালে ১২ জুন ভোটগ্রহণ হবে।