![]()

নগরীর চৌহাট্টার আর এন টাওয়ারের সামস্যাং শো-রুম থেকে চোরাই মোবাইল সেটসহ গ্রেফতারকৃত চার মোবাইল চোরকে দুই দিনের রিমান্ডে নেয়া হয়েছে। এর আগে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
সিলেটের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট প্রথম আদালতের বিচারক মিজানুর রহমান ভূঁইয়ার আদালত গতকাল বুধবার রিমান্ড শুনানী শেষে প্রত্যেককে দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে নেয়া আসামীরা হলেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মোঃ আরাফাত হোসেন (২৭), বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার মোঃ রুবেল শেখ (২৫), চট্টগ্রামের বন্দর থানা এলাকার মোঃ রফিকুল ইসলাম (৩০), ও একই থানার মোঃ রফিকুল ইসলাম (২৪)।
আদালত সূত্র জানায়, সিলেট নগরীর চৌহাট্টার আর এন টাওয়ারের সামস্যাং শো-রুম থেকে কয়েকদিন আগে বিভিন্ন মডেলের ৩৬টি মোবাইল সেট চুরি হয়। যার আনুমানিক মূল্য ৫ লাখ টাকা। গত বুধবার থেকে শনিবার পর্যন্ত পুলিশ বিভিন্ন জায়গায় মোবাইল সেটগুলো উদ্ধার করতে অভিযান চালায়।
এ ঘটনায় দোকানের মালিক মামলা দায়ের করলে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগর পুলিশ ও চট্টগ্রাম জেলা পুলিশের সহায়তায় সাতকানিয়া থানায় অভিযান চালিয়ে মোবাইল চোর চক্রের চিহ্নিত এ ৪ সদস্যকে গ্রেফতার করে।