![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে কমনওয়েলথভুক্ত দেশগুলোর কাছে জোরালো ও সম্মিলিত সমর্থন চেয়েছে বাংলাদেশ। একই সঙ্গে শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, জ্বালানি ও খাদ্যনিরাপত্তার মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সদস্য দেশগুলোকে সম্মিলিত উদ্যোগ আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র মন্ত্রী হুমায়ুন কবির।
আজ মঙ্গলবার (৩ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অ্যান্টিগুয়া ও বারবুডার রাজধানী সেন্ট জনসে আমেরিকান ইউনিভার্সিটি অব অ্যান্টিগুয়ায় (এইউএ) আয়োজিত কমনওয়েলথ পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠকের (সিএফএএমএম) রিট্রিট অধিবেশনে বক্তব্য প্রদানকালে তিনি এই আহ্বান জানান।
ভারপ্রাপ্ত পররাষ্ট্র মন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, বর্তমান বিশ্বের ক্রমবর্ধমান জটিল পরিস্থিতিতে শান্তি, নিরাপত্তা ও জলবায়ু সহনশীলতার পাশাপাশি উদীয়মান প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহারের মতো চ্যালেঞ্জগুলো মোকাবিলায় কমনওয়েলথভুক্ত দেশগুলোকে নতুন করে কার্যকর ও যুগোপযোগী পদক্ষেপ নিতে হবে।
পরিবেশগত বিপর্যয়ের প্রসঙ্গ টেনে হুমায়ুন কবির জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় গঠিত ‘লস অ্যান্ড ড্যামেজ ফান্ড’-এর দ্রুত ও কার্যকর বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি, সদস্য রাষ্ট্রগুলোর অর্থনৈতিক উন্নয়নের গতি সচল রাখতে কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে পারস্পরিক বিনিয়োগ প্রবাহ বাড়াতে একটি সমন্বিত কাঠামো গড়ে তোলারও প্রস্তাব দেন তিনি।
দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে তিনি সুস্পষ্টভাবে বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে কমনওয়েলথভুক্ত দেশগুলোর ঐক্যবদ্ধ সমর্থন এখন একান্ত প্রয়োজন।
উল্লেখ্য, ১ থেকে ৪ নভেম্বর পর্যন্ত অ্যান্টিগুয়া ও বারবুডায় অনুষ্ঠিতব্য কমনওয়েলথ সরকারপ্রধানদের শীর্ষ সম্মেলনে (সিএইচওজিএম) বাংলাদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে বর্তমানে দেশটিতে সরকারি সফর করছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র মন্ত্রী হুমায়ুন কবির।