সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

‘চাইলে আমাকে ফাঁসি দিন’

ডেইলি সিলেট ডেস্ক ::

তবে কি ককরোচ জনতা পার্টির (সিজেপি) আহ্বায়ক অভিজিৎ দিপকের শঙ্কাই সত্যি হতে চলেছে? দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে জাতীয় পতাকা তুলতে যাওয়ার আগেই তাকে গ্রেপ্তার করা হবে? এমন মনে করার কারণ শুক্রবার দুপুরে হঠাৎই দিল্লি পুলিশের তৎপরতা। একদল পুলিশসদস্য দিল্লির ঝান্ডেওয়ালায় যে বাড়িতে দিপকে রয়েছেন সেখানে প্রবেশ করে। তার পর একজন পুলিশ কর্মকর্তা বাড়ির ভেতরে গেছেন।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে গণমাধ্যমে এই সংক্রান্ত ভিডিও ও ছবি ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, দিল্লি পুলিশের একদল সদস্য একটি বাড়িতে ঢুকছেন। সেই দলে পুরুষ ও নারী পুলিশ সদস্যরা আছেন। ছবিতে দেখা যাচ্ছে, বসার ঘরে অভিজিৎ দিপকের মুখোমুখি সোফায় বসে একজন পুলিশ সদস্য। তাঁর হাতে কিছু কাগজপত্র।
ওই ছবিসহ প্রকাশিত দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, দিল্লি পুলিশ দিপকের বাড়ি গিয়ে তাকে সেন্ট্রাল পার্কে না যাওয়ার নোটিশ দিচ্ছে। দিল্লির করোলবাগ এলাকার ঝান্ডেওয়ালায় যে বাড়িতে দিপকে উঠেছেন, তা মহারাষ্ট্রের এনসিপি (শারদ পাওয়ার) দলের নেতা ও মুখপাত্র অনীশ গাওয়ান্ডের। সেখানে গিয়ে তাকে বলা হচ্ছে, শুক্রবার বিকেল ৫টায় কনট প্লেসের সেন্ট্রাল পার্কে ভারতের জাতীয় পতাকা তোলার যে কর্মসূচি তিনি নিয়েছেন তা যেন বাতিল করা হয়। পুলিশ জানায়, গোটা কনট প্লেস এলাকায় ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি হয়েছে। তিনি যেন আইন মেনে শান্তি শৃঙ্খলারক্ষায় সাহায্য করেন। দিপকে সেই নোটিশ দেখেছেন, কিন্তু কর্মসূচি বাতিলে রাজি হননি।

পুলিশ জানিয়েছে, তারা নোটিশ দিয়ে চলে এসেছে। ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে পুলিশ–দিপকে কথোপকথনের এক ভিডিও প্রকাশ করা হয়েছে। এনডিটিভিও ওই ছবি দিয়ে খবরও করেছে। তাতে লেখা হয়েছে, এক পুলিশ কর্তা দিপকেকে বলেন, তিনি যেন বিকেলে তেরঙ্গা যাত্রা বের না করেন। জবাবে দিপকে পুলিশকে বলেন, আমরা কোনো লাউডস্পিকার রাখিনি। আমরা একে বিক্ষোভ সমাবেশও বলছি না। আমরা শুধু যাব। জাতীয় পতাকা উড়াব। চলে আসব। জাতীয় পতাকা ওড়ানো কি বেআইনি?

ছবিতে দেখা যায়, দিপকের পরনে সাদা টি শার্ট ও নীল ডেনিম। টি শার্টের ওপর মহাত্মা গান্ধীর ছবি। তার কাঁধের ওপর একটা জাতীয় পতাকা ফেলা রয়েছে। তাদের কথোপকথনের এক ভিডিওর উল্লেখ করে ওই প্রতিবেদনে লেখা হয়, তাকে দেওয়া পুলিশের কিছু কাগজপত্র দেখে দিপকে বলছেন, এসব কী ধরনের অভিযোগ আমার বিরুদ্ধে আনা হয়েছে?

সেই কাগজে অভিযোগ করা হয়েছে, দিপকে সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে জনগণকে প্ররোচিত করছেন। এভাবে প্ররোচনা করা বেআইনি। দিপকে ওই পুলিশ কর্তাকে বলেন, এ কেমন ধরনের তামাশা? এটা কি নোটিশ? নোটিশ কি এমন হয়? সাদা কাগজে যা খুশি লিখে দেওয়া কি নোটিশ?

দিপকে আরও বলেন, তামাশারও সীমা থাকা উচিত। একটাও ভিডিও কি দেখাতে পারবেন যেখানে লোকজনকে আমি হিংসাত্মক হতে প্ররোচিত করছি? চাইলে আমাকে ফাঁসিতে লটকে দিন।’ দিপকে ওই পুলিশ কর্তাকে বলেন, প্ররোচনামূলক একটাও ভিডিও দেখাতে পারবেন না।

সিজেপির এই কর্মসূচিকে কেন্দ্র করে মধ্য দিল্লিতে উত্তেজনা চলছে। আম আদমি পার্টির পক্ষ থেকে আজ দুপুরে জাতীয় পতাকা নিয়ে শোভাযাত্রা বের হয়। একটা ভিডিওতে দেখা যায়, রাজ্যসভার সদস্য সঞ্জয় সিংয়ের বাড়ি থেকে কয়েক শ ফুট লম্বা ওই পতাকা মাথায় তুলে বেশ কিছু কর্মী সমর্থক স্লোগান দিতে দিতে রাস্তা দিয়ে এগোচ্ছেন। দিপকে বৃহস্পতিবার গভীর রাতে সংবাদ সম্মেলন করে বলেছিলেন, তাঁদের বাড়ি ঘিরে পুলিশি তৎপরতা দেখা যাচ্ছে। নম্বরপ্লেটহীন গাড়ি ঘুরে বেড়াচ্ছে। সাদা পোশাকের পুলিশ অনবরত খোঁজ খবর করছে। তাঁর শঙ্কা, শুক্রবার বিকেলের আগেই তাঁকে ও তাঁদের মতো আরো অনেককে দিল্লি পুলিশ গ্রেপ্তার করবে।

তার আগে দিপকের বাড়ি গিয়ে দিল্লি পুলিশ তাকে সতর্ক করে দিল। এখন দেখার, বাড়ি থেকে বেরিয়ে দিপকেরা কনট প্লেসে জাতীয় পতাকা তুলতে পোঁছতে পারেন কি না। নোটিশ উপেক্ষা করার অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করে কি না।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: