সর্বশেষ আপডেট : ১১ ঘন্টা আগে
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

রিয়াদ বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ৬১ ফ্লাইট বাতিল, বিপাকে সাড়ে ৯ হাজার যাত্রী

ডেইলি সিলেট ডেস্ক ::

ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথিদের অব্যাহত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করায় আন্তর্জাতিক রুটে মারাত্মক অচলাবস্থা তৈরি হয়েছে। এর সরাসরি প্রভাবে ঢাকা থেকে পরিচালিত ৬১টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। ফলে চরম অনিশ্চয়তা ও ভোগান্তিতে পড়েছেন অন্তত ৯ হাজার ২৬৯ জন প্রবাসী ও ওমরাহ যাত্রী।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট ম্যানেজমেন্ট সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত শনিবার থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ২২টি সরাসরি (ডিরেক্ট) এবং ৩৯টি কানেক্টিং বা ট্রানজিট ফ্লাইট।

সরাসরি বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯টি, রিয়াদ এয়ারের ৭টি, সৌদিয়া এয়ারলাইন্সের ৪টি এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের ২টি ফ্লাইট।

অন্যদিকে ট্রানজিট নিয়ে রিয়াদগামী যাত্রীদের বহনকারী আন্তর্জাতিক এয়ারলাইন্স গুলোর মধ্যে ইন্ডিগোর ১৬টি, এমিরেটসের ৯টি, কাতার এয়ারওয়েজের ৫টি, ফ্লাইদুবাইয়ের ৫টি, সালামএয়ারের ৩টি এবং ইজিপ্টএয়ারের ১টি ফ্লাইট প্রভাবিত হয়েছে। সংশ্লিষ্ট দেশগুলো থেকে রিয়াদগামী পরবর্তী ফ্লাইট বাতিল থাকায় ঢাকা থেকেই এসব যাত্রীদের বোর্ডিং স্থগিত রাখা হয়।

গত এক সপ্তাহে রিয়াদ বিমানবন্দরে অন্তত পাঁচ দফা হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। এর আগে গত বৃহস্পতিবার বিমানবন্দর অবকাঠামোর পাশাপাশি সৌদিয়া এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে হামলার ঘটনায় এক পাইলটসহ তিন সৌদি নাগরিক প্রাণ হারান। গত দুই মাস ধরে সৌদি জোট ও হুথিদের মধ্যে পাল্টাপাল্টি সংঘাতের জেরে সৌদির আকাশসীমা কার্যত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। হুথিরা সৌদির আকাশপথ ব্যবহার না করার জন্য আগেই আন্তর্জাতিক এয়ারলাইন্স গুলোকে হুমকি দিয়েছিল।

রোববার রিয়াদ বিমানবন্দরে নতুন করে হামলার পর নিরাপত্তা সতর্কতার অংশ হিসেবে ফ্লাইট ওঠানামা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ, যার বড় ধাক্কা এসে পড়েছে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং মধ্যপ্রাচ্যগামী সাধারণ যাত্রীদের ওপর।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: