![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
অপরাধী যে-ই হোক, কোনো রাজনৈতিক ছাড় দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহ্দী আমিন। সাম্প্রতিক কয়েকটি দখল, হামলা ও ভাঙচুরের ঘটনা সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়গুলো নিয়ে কাজ করছে এবং তাদের কাছে তথ্য রয়েছে। সরকার একটি সুষ্ঠু আইনি ব্যবস্থা নিশ্চিত করতে চায়। স্বরাষ্ট্রমন্ত্রীও স্পষ্ট করেছেন, অপরাধী যে-ই হোক, কোনো রাজনৈতিক ছাড় দেওয়া হচ্ছে না।
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ, বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক এবং নিউইয়র্ক সফরের সার্বিক বিষয় তুলে ধরতে আজ বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে সংবাদ সম্মেলন করা হয়। সেখানে গত কয়েক দিনে বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনার বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন এ সব কথা বলেন।
মাহ্দী আমিন বলেন, চাঁদ উদ্যান দখলের চেষ্টার ঘটনায় ইতিমধ্যে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আদাবরের শ্যামলী হাউজিংয়ে জমি দখলের চেষ্টার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ১১ জনকে। মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও মালামাল ক্ষতির ঘটনায় ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, সরকার নির্মোহভাবে কাজ করছে এবং যেখানে কোনো অপচেষ্টা বা অন্যায় হচ্ছে, সরকার সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে আইনি ব্যবস্থা নিচ্ছে।
মাহ্দী আমিন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা সরকারের মূল অগ্রাধিকার। যদি কোনো দুষ্কৃতকারী অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে, তাহলে কঠোর হাতে দমন করা হবে।
জাইমা রহমান প্রসঙ্গে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন জাইমা রহমান। এ বিষয়ে প্রশ্নের জবাবে মাহ্দী আমিন বলেন, এই নিয়োগের সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো ন্যূনতম সম্পর্ক নেই। পি-থ্রি লেভেলের লিগ্যাল অফিসার হিসেবে জাইমা রহমানের নিয়োগ সরাসরি জাতিসংঘের হিউম্যান রিসোর্সেস বিভাগের মাধ্যমে হয়েছে। এই নিয়োগপ্রক্রিয়ায় বাংলাদেশ সরকারের ন্যূনতম কোনো সম্পৃক্ততা নেই।
মাহ্দী আমিন আরও বলেন, জাতিসংঘের এক্সিকিউটিভ অফিস ও হিউম্যান রিসোর্সেস বিভাগ তাদের নিজস্ব নিয়ম, বিধিবিধান ও প্রক্রিয়া অনুসরণ করে নিয়োগ দেয়। যে কেউ জাতিসংঘের ওয়েবসাইটে গিয়ে বিষয়টি দেখতে পারেন। তিনি বলেন, জাতিসংঘের পদক্রমে পি-ওয়ান পর্যায় নিউ গ্র্যাজুয়েটদের জন্য, পি-টু এর জন্য দুই বছরের অভিজ্ঞতা এবং পি-থ্রি পর্যায়ের পদের জন্য ন্যূনতম পাঁচ বছরের পেশাগত অভিজ্ঞতা প্রয়োজন। জাইমা রহমানের শিক্ষাগত ও পেশাগত প্রোফাইল ওই পদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় তিনি নিজের যোগ্যতা ও মেধার ভিত্তিতে নিয়োগ পেয়েছেন। এখানে সরকারের কোনো অর্থায়ন বা সুপারিশের বিষয় নেই।
মাহ্দী আমিন যোগ করেন, অতীতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে জাতিসংঘে স্থান নেওয়া বা ডেলিগেশনের অংশ হওয়ার যে ধারা ছিল, জাইমা রহমান তা করেননি; বরং নিজের ব্যক্তিগত ও পেশাগত দক্ষতায় কাজ করছেন।
সংবাদ সম্মেলনে গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারিত দামের চেয়ে ২০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বেশি নেওয়ার অভিযোগের বিষয়েও প্রশ্ন করা হয়। মাহ্দী আমিন বলেন, বিষয়টি সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া হবে। মধ্যপ্রাচ্যের সংকটের কারণে বিশ্বের বিভিন্ন জায়গায় গ্যাস, জ্বালানি ও বিদ্যুতের দাম বেড়েছে। এর মধ্যেও সাধারণ মানুষের ওপর চাপ কম রাখতে সরকার জ্বালানি তেলের দাম যতটা সম্ভব নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছে। বাজার ব্যবস্থাকে আরও নিয়ন্ত্রণে রাখতে পদক্ষেপ জোরদার করার প্রয়োজন হলে সরকার কার্যকর উদ্যোগ অব্যাহত রাখবে।
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সাধারণ পরিষদের এবারের অধিবেশনে অংশগ্রহণকে অভূতপূর্ব বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন। তিনি বলেন, বিশ্বমঞ্চে বাংলাদেশের গণতান্ত্রিক অভ্যুত্থানের সুস্পষ্ট বার্তা তুলে ধরা হয়েছে। রাষ্ট্র পরিচালনা, জনগণের ভাগ্যের পরিবর্তন, সমস্যার সমাধান এবং আধুনিক, জনকল্যাণমূলক ও মানবিক রাষ্ট্র নির্মাণে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিকল্পনা, কর্মসূচি ও নীতিগুলো তুলে ধরা হয়েছে। একই সঙ্গে গণতান্ত্রিক ও শান্তিকামী রাষ্ট্র হিসেবে বিশ্বশান্তিতে বাংলাদেশের অবস্থানও তুলে ধরা হয়েছে।
প্রধানমন্ত্রীর সফরে জাতিসংঘের মূল অধিবেশনের পাশাপাশি প্রায় ১১টি দ্বিপক্ষীয় বৈঠক এবং বিভিন্ন অনুষ্ঠানে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান মাহ্দী আমিন। তিনি বলেন, এসব আলোচনায় বাংলাদেশ আন্তর্জাতিকভাবে আন্তরিক সাড়া পেয়েছে।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।