![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনে আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিতব্য উপনির্বাচনে দেশের অভ্যন্তরে পোস্টাল ভোটিংয়ের নিবন্ধন কার্যক্রম ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৮ অক্টোবরের পরিবর্তে ৩ অক্টোবর পর্যন্ত উন্মুক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ নির্বাচন কমিশন থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঠাকুরগাঁও-১ আসনের পোস্টাল ভোটিংয়ের নিবন্ধন কার্যক্রম ২৭ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবরের পরিবর্তে ৩ অক্টোবর পর্যন্ত উন্মুক্ত থাকবে। উক্ত নির্বাচনে ভোটদানে ইচ্ছুক সরকারি কর্মকর্তা-কর্মচারী ও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ৩ অক্টোবরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
এদিকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আজ থেকে আপিল দায়েরের সময় শুরু হয়েছে।
নির্বাচন কমিশনের (ইসি) তফসিল অনুযায়ী, আগামী ৪ অক্টোবর পর্যন্ত আপিল দায়ের করা যাবে। অন্যদিকে আগামী ৬ অক্টোবর আপিল নিষ্পত্তি করা হবে। এছাড়া ৭ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ৮ অক্টোবর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
আগামী ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা এ আসনে ভোটগ্রহণ হবে।
গতকাল জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৈধ মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।
বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ওবায়দুল্লাহ মাসুদ ও মির্জা ফয়সল আমীন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে ভোটার ছিলেন ৫ লাখ ৭ হাজার ২০৩ জন। তবে, সম্প্রতি নতুন ভোটার যুক্ত হওয়ায় বর্তমানে এ আসনের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ১৫ হাজার ৫২৫ জনে।
উল্লেখ্য, ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমানে দেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আসনটি শূন্য ঘোষণা করা হয়।