![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে সৌদি আরবে হুতিদের হামলার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। একই সঙ্গে বিশ্ব অর্থনীতির গুরুত্বপূর্ণ দুই নৌপথ হরমুজ প্রণালি ও বাব আল-মান্দেব প্রণালি নিরাপদ ও উন্মুক্ত রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) কাতারের সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য।
অধিবেশনে দেওয়া বক্তব্যে শেহবাজ শরিফ বলেন, পাকিস্তান সৌদি আরবের পাশে রয়েছে এবং দেশটির বিরুদ্ধে হুতিদের ‘নিন্দনীয় হামলার’ তীব্র নিন্দা জানায়।
সৌদি আরবের দাবি অনুযায়ী, পবিত্র নগরী মক্কাকে লক্ষ্য করে চালানো হুতিদের একটি হামলার প্রসঙ্গ বক্তব্যে তুলে ধরেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি বলেন, এ ঘটনায় বিশ্বের মুসলিমদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।
শেহবাজ শরিফ বলেন, কোনো মুসলমান কখনো এমন জঘন্য অপরাধ করার কথা চিন্তাও করতে পারেন না। আগের মতো এবারও পাকিস্তান সৌদি আরবের ভ্রাতৃপ্রতিম জনগণের সঙ্গে সম্পূর্ণ সংহতি প্রকাশ করছে।
তবে মক্কাকে লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করেছে হুতিরা। তারা সৌদি আরবের এই অভিযোগকে ‘জঘন্য মিথ্যা’ বলে দাবি করেছে।
জাতিসংঘের অধিবেশনে শেহবাজ শরিফ হরমুজ প্রণালি ও বাব আল-মান্দেব প্রণালির গুরুত্বও তুলে ধরেন। তিনি এই দুই নৌপথকে বিশ্ব অর্থনীতির ‘ধমনি’ হিসেবে উল্লেখ করে বলেন, এগুলো অবাধ ও নিরাপদ রাখা জরুরি।
তিনি বলেন, এই নৌপথগুলো দেশগুলোর মধ্যে যোগাযোগের সেতু হিসেবে উন্মুক্ত থাকতে হবে, সংঘাতের কারণে অচলাবস্থার কেন্দ্রে পরিণত হওয়া উচিত নয়। এসব জলপথ দিয়ে যুদ্ধের ঝুঁকি নয়, বরং সমৃদ্ধির সম্ভাবনা বহন করা উচিত।