সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ইমরান খানের দলের কর্মসূচি ঘিরে ইসলামাবাদে কড়া নিরাপত্তা

ডেইলি সিলেট ডেস্ক ::

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কর্মসূচি ঘিরে রাজধানী ইসলামাবাদে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রোববারের (২৭ সেপ্টেম্বর) কর্মসূচিতে ইমরান খানের মুক্তির দাবিতে পার্লামেন্টের দিকে মিছিল করার পরিকল্পনা রয়েছে দলটির।

নিরাপত্তার অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন সড়কে প্রায় ১ হাজার মালবাহী কনটেইনার বসিয়ে ব্যারিকেড তৈরি করা হয়েছে। রোববারের কর্মসূচিকে কেন্দ্র করে ২২ হাজারের বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন করা হবে বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা।

সরকার এরই মধ্যে রাজধানীর প্রবেশপথের গুরুত্বপূর্ণ মহাসড়ক ও সড়ক বন্ধ করে দিয়েছে। উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার সঙ্গে ইসলামাবাদের গুরুত্বপূর্ণ যোগাযোগপথও বন্ধ করা হয়েছে।

ইসলামাবাদে দুই মাসের জন্য জরুরি বিধিনিষেধও জারি করা হয়েছে। এর আওতায় পাঁচ বা তার বেশি মানুষের জমায়েত, সমাবেশ ও জনসমক্ষে বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে।

পাঞ্জাব সরকার রাওয়ালপিন্ডিসহ চারটি জেলায় অতিরিক্ত নিরাপত্তার জন্য আধাসামরিক বাহিনী রেঞ্জার্স মোতায়েনের অনুরোধ জানিয়েছে। কর্মসূচির আগে মোবাইল ফোন ও ইন্টারনেট সেবা বন্ধেরও অনুরোধ করা হয়েছে।

ইমরান খানের দল অবশ্য সরকারের এসব পদক্ষেপের সমালোচনা করেছে। পিটিআইয়ের চেয়ারম্যান গওহর আলী খান বলেছেন, এসব ক্ষমতা ব্যবহার করে শান্তিপূর্ণ প্রতিবাদ করার সাংবিধানিক অধিকার সীমিত করা হচ্ছে। তিনি দাবি করেন, ইসলামাবাদে প্রবেশের পর তাদের কর্মসূচি শান্তিপূর্ণ ও উৎসবমুখর হবে।

ইমরান খান বর্তমানে দুর্নীতির একটি মামলায় ১৪ বছরের কারাদণ্ড ভোগ করছেন। তার পরিবার ও আইনজীবীরা অভিযোগ করেছেন, কারাগারে তাকে অমানবিক পরিবেশে রাখা হয়েছে।

তাদের দাবি, দিনের প্রায় ২৩ ঘণ্টা তাকে প্রাকৃতিক আলোবিহীন ছোট একটি কক্ষে থাকতে হয় এবং অন্য বন্দীদের সঙ্গে যোগাযোগের সুযোগও সীমিত। তবে পাকিস্তানি কর্তৃপক্ষ এসব অভিযোগ অস্বীকার করেছে।

ইমরান খানের রাজনৈতিক কর্মসূচিতে কনটেইনার ব্যবহারের ইতিহাসও রয়েছে। ২০২২ সালের একটি বিক্ষোভ মিছিলে তিনি এমন একটি কনটেইনারের ওপর দাঁড়িয়ে সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় বন্দুকধারীর হামলায় আহত হয়েছিলেন।

এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি প্রতিনিধিদল পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে আলোচনার জন্য করাচিতে রয়েছে। রোববারের কর্মসূচির পর সোমবার তাদের ইসলামাবাদে যাওয়ার কথা রয়েছে। তবে রাজধানীর পরিস্থিতি স্বাভাবিক থাকলেই এই সফর হতে পারে বলে কর্মকর্তাদের বরাত দিয়ে পাকিস্তানের দ্য নিউজ জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: