![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় কেউ হতাহত হয়নি। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত এসব ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
দুপুরে জুমার নামাজের পর মালিবাগ রেলগেট–সংলগ্ন সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, জুমার নামাজের পরপরই ফ্লাইওভারের ওপর থেকে ককটেল ছোড়া হয়েছে। কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তা জানার চেষ্টা চলছে। ফ্লাইওভারের প্রবেশমুখের সিসিটিভি (ক্লোজ সার্কিট) ক্যামেরার ফুটেজ যাচাই–বাছাই করা হচ্ছে।
এ ছাড়া সন্ধ্যা ৬টার দিকে আগারগাঁওয়ের বেতার ভবনের সামনে আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এ বিষয়ে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম গণমাধ্যমেকে বলেন, আগারগাঁওয়ে বেতার ভবনের সামনে একটি ককটেল বিস্ফোরণের খবর পেয়েছি। পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শনে গেছে। বিস্তারিত তথ্য এখনো পাইনি।
এরপর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহাখালী এলাকায় আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বনানী থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) মো. তারেক গণমাধ্যমকে বলেন, মহাখালী ফ্লাইওভারের ওপর থেকে নিচে একটি ককটেল ছোড়া হয়েছে। কে বা কারা ককটেল ছুড়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ কাজ করছে।