![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হবে না বলে জানিয়ে দিয়েছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজায়ি।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রেজায়ি মার্কিন প্রেসিডেন্টের বিভ্রান্তিকর বক্তব্যে বিভ্রান্ত না হতে আহ্বান জানান। তিনি ট্রাম্পের ‘আলোচনা নয়’ থেকে ‘আমরা কথা বলতে প্রস্তুত’ এমন অবস্থান পরিবর্তনের কথা উল্লেখ করেন।
রেজায়ি বলেন, তেল ও প্রণালিগুলোকে ঘিরে পরিস্থিতির গুরুত্ব বদলে গেছে। ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও সামনে যা আসছে, তা ঠেকাতে পারবেন না ট্রাম্প।
তিনি আরও বলেন, ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়। বিষয়টি এখানেই শেষ।
এর আগে সোমবার ট্রাম্প বলেছিলেন, ইরানের সঙ্গে আলোচনা করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত। কয়েক সপ্তাহ ধরে যুদ্ধ বন্ধে চুক্তির জন্য এখনই আলোচনা করা খুব তাড়াতাড়ি হয়ে যাবে বলে মন্তব্য করে আসছিলেন তিনি।
ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান দ্রুত ও মরিয়া হয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে চায়। যুক্তরাষ্ট্র তেহরানের সঙ্গে আলোচনায় বসবে কি না, সে সিদ্ধান্ত তিনি নিজেই নেবেন বলেও জানান।
চলমান যুদ্ধ ও হরমুজ প্রণালিতে ইরানের অবরোধ অবসানের জন্য তেহরান এর আগে বেশ কয়েকটি শর্তের কথা জানিয়েছে। এর মধ্যে রয়েছে যুদ্ধের ক্ষতিপূরণ এবং ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার।
ইরানের দাবি, এসব শর্ত পূরণ না হলে যুদ্ধ বন্ধ ও হরমুজ প্রণালির অবরোধ প্রত্যাহারের বিষয়ে কোনো সমঝোতা হবে না।
ফলে ট্রাম্পের আলোচনার আগ্রহের বিপরীতে তেহরানের কঠোর অবস্থান দুই দেশের মধ্যে নতুন করে কূটনৈতিক অচলাবস্থার ইঙ্গিত দিচ্ছে।