![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
জাতীয় সংসদে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহানকে। তিনি বেসরকারী সদস্যদের বিল ও বেসরকারী সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব সম্পর্কিত কমিটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মন্ত্রণালয় সম্পর্কিত এই সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এছাড়া পানিসম্পদ মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সংসদীয় কমিটি পুনর্গঠন করা হয়।
জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি কমিটির নাম প্রস্তাব করেন। পরে কণ্ঠভোটে তা পাস হয়। নতুন গঠিত পাঁচ কমিটির সভাপতি পদে বিরোধী দল থেকে কাউকে রাখা হয়নি।
জাতীয় সংসদে মোট ৫০টি সংসদীয় স্থায়ী কমিটি রয়েছে। এর মধ্যে মন্ত্রণালয় সম্পর্কিত ৩৯টি এবং ১১টি বিষয় ভিত্তিক। এর মধ্যে ৪৫টি কমিটি গঠন করা হয়েছে। যার মধ্যে ৩৬টি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। বাকি ৯টি বিষয় ভিত্তিক।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে একেএম ফজলুল হক মিলনকে। রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আলী আসগার লবি। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে। এ ছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে এসএম রফিকুল ইসলামকে।
পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত কমিটি থেকে একেএম ফজলুল হক মিলন ও মুন্সী রফিকুল আলমের বদলে মাজহারুল ইসলাম ও ফরিদুল কবীর তালুকদারকে নেওয়া হয়েছে।